ভারতের রাজধানী দিল্লি। বহুদিন ধরেই এ শহরের বাতাস দূষিত। তা নিয়ে আলাপও কম হয়নি। তবু তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। সম্প্রতি শহরটির বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি দিল্লিরই মেয়ে। সে কারণে শহরের প্রতি তার আবেগ ও শহর নিয়ে তার চিন্তাও বেশি। তার মতে, শহরের বাতাস ‘খারাপ থেকে খারাপতর’ হচ্ছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের ভাবা উচিত। সম্প্রতি নতুন সিনেমার প্রচারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন অভিনেত্রী।

কৃতি শ্যানন বলেন, ‘আমার মনে হয় না কোনো কথা বলে লাভ হবে। জনসংখ্যা এত বেশি এবং প্রতিনিয়ত অন্য শহর থেকে মানুষ আসার কারণে তা আরো বাড়ছে। আমি জানি শহরটা আগে কেমন ছিল। এখন পরিস্থিতি খারাপ। উত্তরণের জন্য কিছু না কিছু করতে হবে। না হলে অবস্থা এমন হবে যে সামনাসামনি দাঁড়িয়েও আমরা কাউকে দেখতে পাব না।’

গত রোববার দিল্লিবাসী ধোঁয়ায় ভর্তি শহরে ঘুম থেকে জেগেছিলেন। সেইদিন সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৫৫৯। এমনিতে ৫০০ হলেই তাকে বিপজ্জনক বলা হয়। এ অবস্থা নিয়ে ভারতের সবাই কমবেশি চিন্তিত। তবে সিনেমার প্রচারের সময় পরিবেশ নিয়ে কথা বলে বিষয়টির ভয়াবহতা তুলে ধরলেন কৃতি।

আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। এতে ধানুশের বিপরীতে অভিনয় করছেন কৃতি। ধানুশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে কৃতি বলেন, ‘ধানুশ অসাধারণ একজন অভিনেতা। আমি তার মেধা ও পরিশ্রমের ভক্ত। তিনি নিজে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। তাই তিনি জানেন, কেমন করে একটা দৃশ্যকে অভিনয় করলে তা পর্দায় দারুণভাবে ফুটবে।’

২৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তেরে ইশক মে। সিনেমাটিকে রানঝানার ‘স্পিরিচুয়াল সিকুয়াল’ বলতে চান আনন্দ এল রাই। ২০১৩ সালে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল রানঝানা। ধানুশ ও সোনম কাপুর অভিনয় করেছিলেন সিনেমাটিতে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস