দেশের জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাট। তাদের একাধিক নাটক পেয়েছে দর্শকপ্রিয়তা। এর মধ্যে অন্যতম ‘কইন্যা’। আজ সন্ধ্যা ৭টায় নাটকটি বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান।
আজাদ আবুল কালাম দেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব। মঞ্চ থেকেই তার অভিনয়ের সূচনা। আজাদ আবুল কালামের নির্দেশনায় আজ মঞ্চায়ন হতে যাচ্ছে কইন্যা নাটকটি। প্রাচ্যনাটের জনপ্রিয় এ নাটকে অভিনয় করবেন তিনি। ২০০১ সালে প্রথম কইন্যা নাটকের শো হয়েছিল মহিলা সমিতি মিলনায়তনে। এর পর থেকেই নাটকটি দর্শকের সমাদর পেয়ে আসছে। দর্শকের আগ্রহের কথা ভেবেই নাটকটির শোয়ের আয়োজন করা হয়। এ নিয়ে জানতে চাইলে আজাদ আবুল কালাম জানান, নাটকের গল্পে দেখা যাবে কালারুকা নামের জনপদের মানুষ মনে করে কইন্যা পীর তাদের দেখে রাখেন। কইন্যা পীর এ কালারুকায় এসেছিলেন অনেক বছর আগে। আর তিনি মারা গিয়েছেন কয়েক যুগ আগে। তবুও এ বিশ্বাস বর্তমান। খালি বাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর নামের দুই ভাই। জনপদের সবাই জানেন, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে কইন্যা নাটকের কাহিনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালাম, কাজী তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রেজভী, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, তানজিকুন, সাদী প্রমুখকে। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।










