প্রায় দুই দশক পর বিনোদন জগতে ফিরছেন মন্দাকিনি। ‘রাম তেরি গঙ্গা মেয়লি’
সিনেমায় তার অভিনয় ভুলতে পারে এমন দর্শক কম। ২০০২ সালে তাকে শেষ দেখা গিয়েছিল একটি বাংলা সিনেমায়। একটি মিউজিক ভিডিও দিয়ে তিনি ফিরছেন। এতে তার সঙ্গে তার ছেলেকে দেখা যায়। দুই দশকে বলিউডের ধারা বদলে গেছে। এখন নেপোটিজম ও অন্যান্য বিষয় নিয়ে বলিউড উত্তাল। কিন্তু মন্দাকিনি মনে করেন নেপোটিজম একটি স্বাভাবিক প্রক্রিয়া।
ই-টাইমসের এক সাক্ষাত্কারে মন্দাকিনি বলেন, ‘আমি বয়কটের সংস্কৃতি সমর্থন করি না। শিল্পী ও কলাকুশলীরা অনেক পরিশ্রম করে একটা সিনেমা নির্মাণ করেন। মানুষের উচিত থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখা। একজন শিল্পী সবসময়ই শিল্পী। তিনি সবসময় দর্শকের জন্যই কাজ করেন। আর নেপোটিজম নিয়ে যদি বলতে হয় তো বলব এটি একটি স্বাভাবিক প্রবৃত্তি। একজন শিল্পীর সন্তান যখন অভিনয়ে আসে সে তার বাবা-মায়ের অনুসরণই করতে চাইবে। তারা তাদের বাবা-মায়ের সঙ্গে সেট, শুটিংয়ে যায়। পরিচালক, প্রযোজকদের সঙ্গে তাদের দেখা হয়। তো ইন্ডাস্ট্রিতে ছেলেমেয়েরা বাবা-মায়ের সাহায্য তো পাবেই।’
মন্দাকিনির অভিষেক হয়েছিল রাজ কাপুরের ছেলে রাজিব কাপুরের সঙ্গে। সিনেমাটি নানা কারণে হিট হয়েছিল। গানগুলো আজও দর্শকের কাছে প্রিয়। নব্বইয়ের দশকে ভালোই জনপ্রিয় ছিলেন তিনি। এরপর বিরতি। গত সোমবার তার প্রথম একক মিউজিক ভিডিও মুক্তি পায়। ‘মা ও মা’
মিউজিক ভিডিওতে তিনি তার ছেলে রাব্বি ঠাকুরকে শোবিজে পরিচয় করিয়ে দেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










