টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার ও কেয়া পায়েল। নাটকের সঙ্গে কয়েক বছর যুক্ত থাকলেও এবারই প্রথম নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। নাটকের নাম ‘পরিচয়’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় তারা দুজন এবারই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করলেন। 

এর আগে প্রীতি দত্তের পরিচালনায় দুজন কাজ করেছেন ঠিকই, তবে সেটা আলাদাভাবে। নাটকটি প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এর আগে প্রীতি আপুর নির্দেশনায় আমি বেশ কয়েকটি ভালো ভালো গল্পের নাটকে কাজ করে বেশ সাড়া পেয়েছি। তবে এবারই প্রথম তার পরিচালনায় খায়রুল বাসারের সঙ্গে আমার কাজ করা। স্ক্রিনে তাকে এর আগে দেখেছি। প্রথম তার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। প্রীতি আপুও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করছি, আগামীতে খায়রুল বাসারের সঙ্গে আরো কাজ হবে এবং সেসব কাজ দর্শকের কাছে সমাদৃত হবে।’ 

এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত। সম্প্রতি পরিচয় নাটকের শুটিং শেষ করলেন তিনি। নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে খায়রুল বাসার বলেন, ‘প্রীতি দিদির নির্দেশনায় কাজ করতে এলে একটা পারিবারিক আবহের সৃষ্টি হয়। কারণ আমরা একই ক্যাম্পাসের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কেয়া পায়েলের সঙ্গে প্রথম কাজ করতে এসে অনুভব করলাম যে পায়েল ভীষণ আন্তরিক। মনেই হয়নি তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার নিজেরও অনেক সময় কারো সঙ্গে প্রথম কাজ করতে এসে আন্তরিক হতে সময় লাগে। কিন্তু পায়েল ব্যতিক্রম। যেহেতু আমাদের দুজনেরই গল্পটা পছন্দের ছিল। তাই কাজটিও ভালোভাবেই করার চেষ্টা করেছি।’ প্রীতি দত্ত জানান, শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে। অন্যদিকে কাজের ব্যস্ততা জানতে চাইলে খায়রুল বাসার জানান, সম্প্রতি সাবিলা নূরের সঙ্গে একটি নাটকের কাজ শেষ করেছেন।