মহামারীর কারণে সব খাতেই মন্দার প্রভাব পড়েছে। এ অবস্থায় প্রয়োজন সমন্বয়। যেহেতু প্রযোজক, পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা সবাই এক সুতোয় যুক্ত। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মনে করেন এখানে আর্থিক ক্ষেত্রে নতুন করে সমীক্ষা হওয়া দরকার। এরপর সিনেমার বাজেটের সঙ্গে পারিশ্রমিক সমন্বয় করতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক কথোপকথনে আলিয়া ভাট এ বক্তব্য দিয়েছেন।

আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল মহামারীর পর মন্দার বাজারে সম্মানীর ক্ষেত্রে সংশোধন আনা উচিত কিনা। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি একমত। আমি একজন ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে জানি দর্শক কনটেন্ট দেখতেই আসবেন কিন্তু এটাও জানি, একটি সিনেমার ব্যবসার ক্ষেত্রে স্টারদের উপস্থিতি আলাদা প্রভাব সৃষ্টি করে। তাদের পারিশ্রমিক বেশি থাকবে এটাই স্বাভাবিক। এক্ষেত্রে সিনেমার বাজেটের সঙ্গে পারিশ্রমিক সমন্বয় করা যেতে পারে। কিন্তু কার কত দাবি করা উচিত সে সম্পর্কে আমার কিছু বলা উচিত না। কারণ আমি তো ছোটো মানুষ।’ শেষ কথাটি তিনি মজা করেই বলেছেন।

মহামারীর পর সিনেমার বাজারে এমনিতেই মন্দা। দর্শক কম সব হলে। এর মধ্যে বলিউডের সিনেমাগুলো দর্শক টানতে পারছে না। সব মিলিয়ে বলিউডে এখন প্রযোজকরা কঠিন সময় পার করছেন। ইন্ডাস্ট্রিতে একে অন্যকে সহযোগিতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। সে সহযোগিতার ক্ষেত্রটি আছে কথাটি আলিয়া স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এমন অনেক সময়ই হয় সিনেমাটি ভালো ব্যবসা করেনি। সেক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী কোনো পারিশ্রমিক নেন না। এমনো হয় তারা পারিশ্রমিক ফেরত দেন। কিন্তু আমরা তা বলে বেড়াই না।’

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েনকা ও সমালোচক শুভ্রা গুপ্তর সঙ্গে এ আলাপে বলিউডের বর্তমান অবস্থা সম্পর্কে আরো বেশকিছু তথ্য দিয়েছেন আলিয়া। ইদানীং বলিউডের সঙ্গে দক্ষিণ ভারতের সিনেমার একটি তুলনা না চাইতেও চলে আসে। আলিয়া স্বীকার করেছেন দক্ষিণ ভারতের সিনেমা ভালো করছে কিন্তু তিনি এও জানান, বলিউড খারাপ করছে না। মহামারী পার করে বলিউড এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়েই অবস্থার পরিবর্তন সম্ভব।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস