ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’-এর চারটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। আগামীকাল সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-এর দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর পরদিন বুধবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে ‘ম্যাকবেথ’-এর দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। জুয়েনা শবনম নাটকটি পুনর্বিন্যাস করেছেন। দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দেশের জনপ্রিয় নাট্যদল স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ দুটি প্রযোজনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে। চিত্রাঙ্গদা প্রযোজনাটি দেশের বাইরেও মঞ্চায়িত হয়েছে।