করোনা মহামারীর কারণে দেশে দেশে বন্ধ করে দেয়া হয় সিনেমা হল। ধস নামে এ সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসায়। বিশ্বজুড়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় খুলে দেয়া হয়েছে বন্ধ থাকা এসব হল। প্রাণ ফিরে পেতে থাকা এসব হলের জন্য নতুন করে দুঃসংবাদ বয়ে এনেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। নতুন এ ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বব্যাপী নতুন নতুন সতর্কতা জারি হচ্ছে।
১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। স্পাইডারম্যান চরিত্রে টম হল্যান্ডের তৃতীয় ছবি এটি। ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে।
গত ২৯ নভেম্বর শুরু হয় স্পাইডারম্যান: নো ওয়ে হোম ছবির আগাম টিকিট বিক্রি। এ আগাম টিকিট কিনতে দর্শকরা রীতিমতো হামলেই পড়েছিলেন এ ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইট ক্র্যাশ করেছিল।
করোনাকালে বিশ্বের বিপর্যস্ত সিনেমা থিয়েটার ব্যবসায় এ দ্রুত টিকিট বিক্রিকে আশানুরূপভাবে দেখা হচ্ছে। করোনাকালীন সংকট কাটিয়ে নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কার্নেজ ও সাং চির মতো বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তিতে ধীরে ধীরে বক্স অফিসের খরা কাটতে শুরু করেছে। স্পাইডারম্যান: নো ওয়ে হোমের মাধ্যমে বক্স অফিস স্বাভাবিক সময়ের আমেজ ফিরে পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সিনেমার টিকিট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯ সালের পরে আর দেখা যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকিট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল। করোনাকালে বক্স অফিসে টিকিট বিক্রির এমন চিত্র আর দেখা যায়নি।
বক্স অফিস বিশেষজ্ঞরা এতদিন আশা করছিলেন, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির এ ছবি ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করবে। তবে টিকিটের এত চাহিদা দেখে প্রত্যাশা আরো বেড়ে গেছে।
অনলাইন টিকেটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। এ বছর তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে সফল সিনেমা ছিল মার্ভেলের ব্ল্যাক উইডো। প্রাক-কভিড সময়ে ফ্যানড্যানগো যে হারে অগ্রিম টিকিট বিক্রি করত, সে রকম অবস্থা ফিরিয়ে এনেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। ২০১৯ সালের অ্যাভেঞ্জারস এন্ডগেমের পরে টম হল্যান্ডের এ ছবি দিয়েই সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি করেছে ফ্যানড্যানগো।
সূত্র: হলিউড রিপোর্টার










