জাতীয় চলচ্চিত্র ও একুশে পদকপ্রাপ্ত নাট্য এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’-এ তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

আগামী ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে ওই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদিন। সাবেক তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে একুশে পদকপ্রাপ্ত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বক্তব্য রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খাতুন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা, সংগীত শিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস এর সহ-সভাপতি লিয়াকত আলী ও ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহম্মেদ উপস্থিত থাকবেন।

অ্যাওয়ার্ড প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ সেরা নৃত্য ও সংগীত শিল্পীরা পারফরম্যান্স করবেন। ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর কে রিপন জানান, ইতিমধ্যে প্রোগ্রামের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে বানিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান ,নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা সহ ২০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যাক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ইতিমধ্যে চিত্রপরিচালক শিহাব শাহিন, চিত্রনায়িকা পূজা চেরী, মন্দিরা চক্রবর্তী, চিত্রনায়ক আদর আজাদ, অভিনেতা ফারহান আহমেদ জোভান, যাহের আলভী, মুকিত জাকারিয়া, অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি, মারিয়া মিম, সুনেরাহ বিনতে কামাল, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সংগীতশিল্পী তানজিব সরোয়ার, উদ্যোক্তা ও ব্যবসায়ী রুবাইয়াত ফাতিমা তনি, ব্র্যান্ড প্রোমোটার তাসনুভা হৃদি, তানজিলা আক্তার মডেল ইলিয়াস বিকেকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।