একাত্তরের বীরঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র ‘জননী জন্মভূমি’। এটি নির্মাণ করেছেন নির্মাতা নাদিয়া আফরিন। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী তনামি হক। আরও অভিনয় করেছেন অভিনেত্রী আনোয়ারা, মাহমুদুল হাসান মিঠু (বড়দা মিঠু), ফারজানা ছবি, পীরজাদা হারুন, শেলী আহসান, ফারজানা জয়াসহ অনেকে। 

ছবিটি প্রসঙ্গে তনামি হক বলেন, ‘ক্যারিয়ারের তৃতীয় ছবিতে অভিনয় করলাম। এখানে আনোয়ারা ম্যাডামের ছোট বেলার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের নাম রোকেয়া। বীরাঙ্গনাদের গল্পে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ ধরনের গল্পে কাজ করতে পেরে বেশ লাগছে।’ 

বরেণ্য অভিনেত্রী আনোয়ারার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তনামি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আনোয়ারা ম্যাডামের ভক্ত। তার অনেক ছবি দেখেছি। কাজ করার আগেও তার বেশ কিছু ছবি দেখে শুটিংয়ে গিয়েছি। তার মতো গুণী অভিনেত্রীর সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আনোয়ারা ম্যাডামের সাথে আর অভিনয়ের সুযোগ হবে কিনা জানি না তবে কাছ থেকে তার অভিনয় দেখে মুগ্ধ। তিনি ও বড়দা মিঠু অভিনয়ে অনেক সহযোগিতা করেছেন।’ 

ক্যারিয়ারের শুরুতে এমন একটি কাজে সুযোগ দেয়ায় নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তনামি বলেন, ‘শোবিজের শুরুতে ভিন্ন ধারার একটি গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। কাজের সংখ্যা না বাড়িয়ে এ রকম ভালো কিছু কাজ করতে চাই। নাদিয়া আপুকে ধন্যবাদ জানাই এমন একটি ভালো কাজে যুক্ত করার জন্য।’

জানা গেছে, ‘জননী জন্মভূমি’ চলচ্চিত্র উত্সবের জন্য নির্মিত হচ্ছে। ছবিটি টেলিভিশনে প্রিমিয়ার হবে। 

তনামি হক এর আগে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে অভিনয় করেন।