জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল ‘হে নামাজী’ প্রকাশ করল ‘টাইম জোন লিভিং রুম সেশন’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।
‘হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ’, এমন কথার গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দীনের সুর ও কণ্ঠেই প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সবার সামনে এ গান হাজির করলেন পাভেল। সংগীত পরিবারে বেড়ে উঠলেও সবার চেনা শিল্পী জাহিদ নিরবের আঁতুড়ঘর ব্যান্ড চিরকুট। আরো গভীরে গেলে পাভেল আরিনের সঙ্গেই শুরু তার ইন্ডাস্ট্রির পথ চলা। সে জানা-শোনা থেকেই প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দীন আহমদের উত্তরাধিকারী হিসেবে নতুন প্রজন্মের নিরবের কণ্ঠটিকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল।
আট বছর আগের একদিনের গল্পটা এমন—‘নিরব যখন আমার কাছে এল, তখন সে অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে। কিন্তু সপ্তাহখানেক যাওয়ার পর আমার মনে হলো ও আসলে তৈরি। তারপর আমরা দুজনই মিউজিক ডিরেক্টর হিসেবেই কাজ করেছি দীর্ঘদিন। সে সূত্রেই আমাদের ব্যান্ড চিরকুটেও তার যাত্রা শুরু হয়। এখন সে আমার প্রতিষ্ঠান বাটার কমিউনিকেশনের প্রডিউসার হিসেবে দেশের বিজ্ঞাপনের বাজারে জনপ্রিয় একটি নাম। জাতীয় কবির একটি গান যখন আমরা করব বলে ভাবলাম, তখন মনে হয়েছে নিরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিক্যাল ও ক্ল্যাসিক্যালি নিরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে। সে তা পেরেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আশা করছি।’
মূলত স্রষ্টার কাছে নতি স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই লিভিং রুম সেশনে যুক্ত হয়েছে গানটি। এ গান প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, ‘এটি কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ একটি গান। ছোটবেলা থেকেই গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাইম জোন লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি।










