দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। বর্তমানে মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড মেঘদল। এবার ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি উৎসব ২০২৪ অংশ নিচ্ছে মেঘদল। দুই দিনব্যাপী এ উৎসবের শুরু হয়েছে গতকাল। আর আজ রাতে কলকাতার মঞ্চে গাইবে মেঘদল। এর আগেও কলকাতার কনসার্টে অংশ নিয়েছে দেশের  জনপ্রিয় ব্যান্ড দলটি।

কলকাতার যাত্রা প্রসঙ্গে মেঘদলের ভোকাল শিবু কুমার শীল বলেন, ‘এটা কলকাতায় আমাদের চতুর্থ শো হতে যাচ্ছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম। এ ক্যাম্পাস নানা কারণে বিশেষ। তাই কনসার্টটি নিয়ে আমরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রতি বছরই সংস্কৃতি উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের শেষ দিনে মানে আজ আমরা পারফর্ম করব। আমাদের পরিবেশনা দিয়েই আয়োজনটি শেষ হবে।’ ‘সংস্কৃতি’ নামে এ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এতে গতকাল পারফর্ম করেছে কলকাতার ব্যান্ড ‘দোহার’।

অন্যদিকে নতুন গানের প্রসঙ্গে জানতে চাইলে হালকা আভাস দিয়ে শিবু জানান, মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান শিগগিরই আসছে। এর আগে দুটি গানের কাজ শেষ করেছেন তারা। কেবল বাকি ভিডিও। ঈদ-বৈশাখ শেষেই সে কাজে হাত দেবেন। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এ ব্যান্ডের। ‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু, শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো বেশকিছু জনপ্রিয় গান তাদের ঝুলিতে। ‘‌হাওয়া’ সিনেমার ‘‌সাদা সাদা কালা কালা’ গানটি কেন্দ্র করে দেশের সীমানা ছাড়িয়ে তাদের এ জনপ্রিয়তা আরো বেড়েছে।

গত বছরের আগস্টে প্রকাশ করা হয়েছিল ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ষষ্ঠ তথা টাইটেল গান। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কি-বোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।