ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। এক সময়ের দাপুটে এ অভিনেত্রী রুপালি পর্দার সঙ্গে যুক্ত নেই দীর্ঘ সময় ধরে। অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। সম্প্রতি দেশে এসেছেন এ অভিনেত্রী আর এসেই নতুন সিনেমার খবর জানালেন। ‘মাতাল হাওয়া’ সিনেমা দিয়েই ফিরছেন শাবনূর। তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।
নতুন সিনেমা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘মাতাল হাওয়া’ সিনেমার গল্পটা ভীষণ ভালো লেগেছে। মনে মনে এমন একটি গল্প ও চরিত্রের খোঁজ করছিলাম। পরিচালক চয়নিকা চৌধুরী যেভাবে গল্পটা ব্রিফ করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। এছাড়া চিত্রনাট্য অনেকবার পড়ে আশ্বস্ত হয়েছি। আমার বিশ্বাস, এ সিনেমাও দারুণ কিছু একটা হবে। তাড়াহুড়া করতে চাই না। নিজেকে ফিটফাট করে পর্দায় আসব।’
চলতি বছরে ‘প্রহেলিকা’ দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মাহফুজ আহমেদ ও বুবলীর দেখা মিলেছিল প্রহেলিকায়। এবার তিনি তার নতুন মাতাল হাওয়া নিয়ে বলেন, ‘প্রহেলিকার সাফল্যের পর দর্শকের প্রত্যাশা আরো বেড়েছে। সে ভাবনা থেকেই আরো ভালো কিছু করার কথা ভাবি আর তার প্রথম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া। নির্মাতা হিসেবে এটা বলতেই হবে মাহফুজের মতো একজন নায়ক থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। মাহফুজ খুব দায়িত্বশীল একজন অভিনেতা। সে যে কাজ করে, খুব মনোযোগ সহকারেই সে কাজের দায়িত্ব নেয়। সব মিলিয়ে আমি দারুণ আশাবাদী।’
এটাই মাহফুজ ও শাবনূরের জুটি হিসেবে প্রথম কাজ নয়। এর আগে মাহফুজ-শাবনূরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘চার সতীনের ঘর’ ও ‘কপাল’ সিনেমায়। তবে ২০০৬ সালে তারা জুটি বেঁধেছিলেন ‘বাঙলা’ সিনেমার মধ্যে দিয়ে। প্রায় দেড় যুগ পর আবার জুটি বাঁধছেন তারা। নব্বইয়ের দশকে রুপালি জগতে যাত্রা করেন শাবনূর। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্য দিয়ে। সালমান শাহ্, রিয়াজ, ফেরদৌস ও শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমাটি মুক্তি পায়। এরপর ভক্তরা তার নতুন সিনেমার খবর জানতে চাইলেও নিশ্চুপ ছিলেন এ অভিনেত্রী। অবশেষে পাঁচ বছর পর সে খবর দিলেন তিনি। তবে মাতাল হাওয়া সিনেমার শুটিং প্রসঙ্গে এখনো মুখ খুলছেন না নির্মাতা।










