পিটার ওয়ের পরিচালিত ও রাসেল ক্রো অভিনীত মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড মুক্তি পেয়েছিল ২০০৩ সালে।
ছবিটি অস্কারের আসরে ১০টি বিভাগে মনোনয়ন এবং সমালোচক ও দর্শকের বিপুল প্রশংসা পেয়েছিল।
এপিক ওয়ার ফিল্মটির এবার প্রিকুয়াল নির্মিত হবে।
গল্পের দুই মুখ্য চরিত্র ক্যাপ্টেন জ্যাক অব্রে ও ডা. স্টিফেন।
চরিত্র দুটোতে অভিনয় করেছেন যথাক্রমে রাসেল ক্রো ও পল বেটানি।
মাস্টার অ্যান্ড কমান্ডার ছবিতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন জ্যাকের নেতৃত্বে ডা. স্টিফেনের যুদ্ধযাত্রায় অংশ নেয়া।
এবার প্রিকুয়ালে দর্শক দেখবে এ দুজনের সাক্ষাৎ এবং পরবর্তী ঘটনাবলি।
টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিও এরই মধ্যে প্যাট্রিক নেসকে প্রিকুয়ালের চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছে।
ধারণা করা হচ্ছে, লেখক প্যাট্রিক ও’ব্রায়ানের জনপ্রিয় অব্রে-স্টিফেন সিরিজের প্রথম বই অবলম্বনে সিনেমার জন্য চিত্রনাট্য লিখবেন প্যাট্রিক নেস।
তবে এবার চমক থাকবে ভিন্নভাবে।
সম্ভবত পিকুয়ালে দেখা যাবে না রাসেল ক্রো ও পল বেটানিকে।
কারণ এ দুই অভিনেতার বয়স ও শারীরিক গঠন হয়তো আর তরুণ নাবিকের চরিত্রের জন্য উপযুক্ত হবে না।
দি আইরিশম্যানে বয়স কমানোর সিজিআই প্রযুক্তি খুব একটা কাজে লাগেনি।
তাই হয়তো সংশ্লিষ্টরা বিকল্প অভিনেতা খুঁজবেন।
এক্ষেত্রে বলে রাখা ভালো, ছবির পরিচালকও এখনো ঠিক হয়নি।
পিটার ওয়ের থাকতে পারেন আবার নতুন কেউও যুক্ত হতে পারেন।
শুরু থেকেই মাস্টার অ্যান্ড কমান্ডার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ডিজাইন করা হয়েছিল।
দুর্ধর্ষ ক্যাপ্টেন আর তার জাহাজের জ্ঞানী চিকিৎসক জুটির বিভিন্ন অভিযান নিয়ে সিরিজে অনেকগুলো ছবি হওয়ার কথা।
কিন্তু তেমনটা হয়নি।
ছবিটি বক্স অফিসে ২১ কোটি ডলার আয় করলেও তা যথেষ্ট হিসেবে বিবেচনা করা হয়নি।
কারণ ছবি নির্মাণে খরচ হয়েছিল ১৫ কোটি মার্কিন ডলার।
এখন দেখার অপেক্ষা মাস্টার অ্যান্ড কমান্ডারের প্রিকুয়াল কবে আলোর মুখ দেখে।
সূত্র: ভ্যারাইটি










