২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণে প্রতি বছরের মতো এবারো দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট আয়োজন করেছে ‘লালযাত্রা’।

আজ সোমবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত সবান্ধব হেঁটে যাবে।

এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লাল যাত্রা। লালযাত্রায় এবার মা ভূমিকায় থাকবে স্নাতা শাহরিন। ‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দের।

তিনি বলেন, ২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল - হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়...।

গত এগারো বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ।