‘তাড়ুয়া’ নাট্যদলের জনপ্রিয় প্রযোজনা আদম সুরত। গত বছর এপ্রিলে ঢাকার মঞ্চে নাটকটি মঞ্চায়নের পর এ বছর আবার মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ থেকে টানা তিনদিন প্রদর্শন হবে নাটকটি। আজ ও আগামীকাল সন্ধ্যা সোয়া ৭টায় এবং ২২ মার্চ বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সোয়া ৭টায় প্রদর্শন হবে আদম সুরত।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নাটকটির নিয়মিত প্রদর্শনীর আয়োজন করার চেষ্টা করবে তারা।
বাকার বকুল জানান, আদম সুরতে প্রতিফলিত হয়েছে রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলা অমানবিক অনেক ঘটনা। এসব ঘটনার বিচার তো দূরের কথা, হয়তো লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এ ভূখণ্ডের অসংখ্য মানুষের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা টুকরো টুকরো ঘটনা আর নানা মুহূর্তকে নিয়েই গড়ে উঠেছে এ নাটকের গল্প। নাটকটি দর্শকমহলে নতুন চিন্তার খোরাক জোগাবে, এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন।
২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা করে তাড়ুয়া। আদম সুরত তাদের দ্বিতীয় প্রযোজনা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অন্তত ২৫ নাট্যকর্মী। এদের মধ্যে আছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, সরকার জিয়াদ সাব্বির, আনন্তি হোসেন, রূপক দাশ প্রমুখ। গত বছরের এপ্রিলে আদম সুরত নাটকের প্রতিটি প্রদর্শনীতে হল দর্শকে পূর্ণ ছিল। এবারো হাউজফুল দর্শক পাবে বলে আশা করছে নাট্যদল তাড়ুয়া। এর আগে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ প্রথম প্রদর্শন হয়েছিল তাড়ুয়ার নাটক আদম সুরত। এরপর আটটি প্রদর্শনী হয়েছে নাটকটির।










