দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে। এ মাসেই তারা দেশের পাঁচটি কনসার্টে অংশ নিয়েছে। সর্বশেষ সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নদীরক্স’ কনসার্ট মাতিয়েছে দলটি। এর পরদিনই অ্যাশেজ সদস্যরা পাড়ি জমিয়েছেন দেশের বাইরে, উদ্দেশ্য ইউরোপ কনসার্ট। নিজ দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপের তিনটি দেশে কনসার্টে অংশ নিচ্ছে তারা। এরই মাঝে গতকাল ইউরোপের নেদারল্যান্ডসের আমস্টারডামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়ে গেল তাদের একটি কনসার্ট। ২৩ ডিসেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ২৬ ডিসেম্বর ফ্রান্সের ঐতিহ্যবাহী প্যারিস শহরে হতে যাচ্ছে জমকালো কনসার্টগুলো।

‘বাংলাদেশ ভিক্টরি ডে সেলিব্রেশন কনসার্ট’ নামের এ আয়োজনে আরো পারফর্ম করবে ‘তাহসান অ্যান্ড ফ্রেন্ডস’। কনসার্টগুলো হচ্ছে হেগের বাংলাদেশ দূতাবাস ও ‘স্টিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডস’-এর উদ্যোগে।

অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান এ প্রসঙ্গে বলেন, ‘‌এটাই আমাদের ইউরোপের প্রথম কনসার্ট। আমরা সত্যিই এর জন্য উন্মুখ, আশা করি কনসার্টগুলো আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে।’

ব্যান্ডের অন্য দুই সদস্য তৌফিক আহমেদ বিজয় ও সুলতান রাফসান খান বলেন, ‘যেহেতু কনসার্টগুলো আমাদের দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের বিজয় দিবসের সঙ্গে সম্পর্কিত, তাই বলাই বাহুল্য, কনসার্টগুলো আমাদের কাছে আলাদা তাৎপর্য বহন করে। আমরা এ কনসার্টের অংশ হতে পেরে সত্যিই আনন্দিত।’ কনসার্টের অন্যতম প্রধান আয়োজক স্টিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টারের ইমরান বলেন, ‘‌তাহসান ও অ্যাশেজ ব্যান্ড দিয়ে শুরু করে আমরা বাংলাদেশী ব্যান্ডগুলোর জন্য ইউরোপে একটি

প্লাটফর্ম তৈরি করতে চাচ্ছি। সেখানে তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মানসম্পন্ন কনসার্ট ভেনুগুলোয় পারফর্ম করার সুযোগ পাবেন। এছাড়া ব্যান্ডগুলো একাধিক দেশে পারফর্ম করবে, অনেকটা ইউরোপ ট্যুরের মতো।’

সবশেষে প্যারিসের আয়োজনের অন্যতম প্রধান দায়িত্বে থাকা রব্বানী বলেন, ‘‌ব্যান্ড সংগীত আমাদের জাতির জন্য গর্বের, আর তা আমাদের শৈশবের প্রতিনিধিত্বও করে। ইউরোপে একটি কমন প্লাটফর্ম তৈরি করে একে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

কনসার্টের পর ব্যান্ডের ভক্তদের জন্য থাকছে ‘‌মিট অ্যান্ড গ্রিট’ নামের আরো একটি আয়োজন। যেখানে ভক্তরা তাদের পছন্দের ব্যান্ডের সঙ্গে দেখা করা ও সেলফি তোলার সুযোগ পাবে।