প্রশংসার বন্যায় ভাসছেন অভিনেতা দুলকার সালমান। সম্প্রতি ‘সীতা রামাম’ সিনেমা দিয়ে সবার মনে ঠিকঠাক আসন গেড়ে বসেছেন তিনি। এবার শোনালেন নিজের এক মজার স্মৃতি। তা-ও আবার বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে।

দুলকার এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যেখানে কোনো তারকার সঙ্গে দেখা হওয়াটা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু কলেজ বন্ধুদের সঙ্গে সেই আনন্দটা পুরোপুরিই পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে বেঙ্গালুরু ডেজ অভিনেতা বলেন, তখন বন্ধুদের সঙ্গে প্রায়ই অলিভে যেতাম। যদি কোনো তারকার সঙ্গে দেখা হয়। কলেজ শিক্ষার্থীদের জন্য সেটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ কাজ। ছাত্র থাকার সময়ে বন্ধুরা মিলে সালমান খানের গাড়ি অনুসরণ করেছিলাম। শুধু একবার এই তারকার মুখ দেখার জন্য। ওই সময়ে সালমান খানের পেছনে পেছনে গাড়ি চালাচ্ছিলাম। তখন শুধু একবার তাকে দেখার জন্য এমন করেছিলাম। সালমানের তীব্র ভক্ত আমি। গাড়ির নাম্বার ছিল ২৭২৭। ভাবছিলাম, তিনি হয়তো গাড়ি থেকে নেমে আসবেন আর আমরা তাকে দেখতে পাব। মনে পড়ে, সে সময়ে তিনি সামনের সিটে বসেছিলেন।

তবে দুঃখের বিষয় দুলকারের এখনো সালমান খানের সরাসরি দর্শন মেলেনি। সাক্ষাত্কারে তিনি বলেন, এখনো ব্যক্তিগতভাবে সালমান খানের সঙ্গে দেখা হয়নি। শাহরুখ খানের সঙ্গে দুবার দেখা হয়েছে, আমির খানের সঙ্গেও হয়েছে দুবার। কিন্তু তার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি।

দুলকার অভিনীত আর বালকির চুপ-দি রিভেঞ্জ মুক্তি পেয়েছে গত ২৩ সেপ্টেম্বর। এখন সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেতা। ২০১৯ সালের পর চুপ দিয়ে আবার বলিউডে ফিরলেন দুলকার। প্রথম দিনেই সিনেমাটি ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণে ২ স্টার পেয়েছে। এই সিনেমায় দুলকার ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, পূজা ভাট ও শ্রেয়া ধনন্তরী।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস