হিন্দি সিনেমা জগতে ৩৪টি বছর পার করলেন সালমান খান। লম্বা এ ক্যারিয়ারে বেশকিছু অর্জন রয়েছে সালমান খানের। গড়েছেন অনেক রেকর্ড। তার মধ্যে ১০টি তুলে ধরা হলো পাঠকের জন্য।
বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার সংগ্রহ সালমান খানেরই। তার ঝুলিতে রয়েছে নয় বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা। সংখ্যাটা দিলীপ কুমারের সমান আর অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমির খান, শাহরুখ খান ও রাজেশ খান্নার তুলনায় বেশি। ম্যায়নে পেয়ার কিয়া, সাজান, হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়, নো এন্ট্রি, দাবাং, বডিগার্ড, এক থা টাইগার ও বাজরাঙ্গি ভাইজান—এগুলোই সালমানের সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
হিন্দি সিনেমা জগতে সালমান খানই একমাত্র অভিনেতা, যার পরপর দুটি দশকে সর্বোচ্চ আয় করা সিনেমা রয়েছে। আশির দশকে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’
আর নব্বইয়ের দশকে সে জায়গা অর্জন করে ‘হাম আপকে হ্যায় কৌন’।
নবাগত পরিচালকদের সঙ্গে সবচেয়ে বেশি ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়ার রেকর্ডও সালমান খানের। ছয়জন নবাগত ডিরেক্টরের সঙ্গে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সালমান। তার মধ্যে পাঁচটিই সে সময়ের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে বিবেচিত।
হিন্দি সিনেমা জগতে পরপর তিন বছর সেরা তিন তারকার তালিকায় থাকা একমাত্র তারকার নাম সালমান খান। এখনো তাকে সেরা তিনজনের একজন হিসেবেই বিবেচনা করা হয়। মুক্তির প্রতীক্ষায় থাকা সালমান অভিনীত দুটি সিনেমা ‘কিসি কা ভাই.. কিসি
কা জান’
এবং ‘টাইগার ৩’
যদি ব্যাপকভাবে হিট হয়, তাহলে তিনি চলতি দশকেও সেরা তিন তারকার একজন হয়ে থাকবেন।
হিন্দি সিনেমার জগতে সালমান খান একমাত্র তারকা, যার কমেডি ঘরানার সিনেমাও ওপেনিংয়ে রেকর্ড পরিমাণ আয় করার ইতিহাস রয়েছে। তাছাড়া রোমান্টিক, মাসালা, অ্যাকশন, ড্রামা ও কমেডি ঘরানারও ব্লকবাস্টার সিনেমা রয়েছে সালমানের ঝুলিতে।
‘শোলে’র পরে সবচেয়ে বেশি দেখা সিনেমার নাম সালমান খানের ‘হাম আপকে হ্যায় কৌন।’
সালমান খান বলিউডের একমাত্র তারকা, যিনি একের পর এক হিট সিনেমা, সুপারহিট সিনেমা ও ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
সিঙ্গেল স্ক্রিন থেকে ১০০ কোটি রুপির বেশি আয় করার সিনেমার তালিকায় মাত্র তিনটি সিনেমা রয়েছে, তিনটিই সালমান খানের। ‘বাজরাঙ্গি ভাইজান’,
‘সুলতান’
ও ‘টাইগার জিন্দা হ্যায়’।
সালমান খানের ১৩টি সিনেমা বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে, আর সাতটি সিনেমার আয় ৩০০ কোটি ছাড়িয়েছে। এ তালিকায় সালমানকে পেছনে ফেলার মতো আর কোনো তারকা নেই।
সব ছাড়িয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে এক নম্বর অবস্থানে রয়েছেন সালমান খান। দিলীপ কুমার ও অমিতাভ বচ্চন ছাড়া আর কোনো তারকা ১০ বছরের বেশি সময় এক নম্বর অবস্থানে থাকেননি। সামনে মুক্তি পেতে যাওয়া দুটি সিনেমা দিয়ে এ রাজত্ব তিনি আরো কিছুদিন বজায় রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










