ইউরোপের মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন নটর ডেম ক্যাথেড্রাল। প্যারিসে অবস্থিত এ অনন্য স্থাপত্যশৈলীটির জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। তবে ২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসপ্রাপ্ত গির্জাটি পুনর্নির্মাণের কাজের জন্য বন্ধ রয়েছে নটর ডেম ক্যাথেড্রাল। বৃহস্পতিবার ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রিমা আবদুল মালাক জানিয়েছেন, ২০২৮ সাল থেকেই উপাসক ও জনসাধারণদের জন্য খুলে দেয়া হবে ৮৫৯ বছর পুরনো গির্জাটি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছিল। গির্জাটির একটি অংশের ছাদ ধসে পড়ে।

এ নিয়ে রিমা আবদুল মালাক বলেন, ‘নটর ডেম ক্যাথেড্রালের কাজ এখনো চলছে। গির্জাটি আগের মতো করতে আমরা কাজ করছি। এর মধ্য পুনরুদ্ধার প্রকল্পের পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। গ্রীষ্মের শেষে আমরা পুনর্নির্মাণের কাজ শুরু করার অনুমতি পেয়েছি।’

নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে এসে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করছি ২০২৪ সালে কাজ শেষ হয়ে যাবে এবং এর পর থেকেই উপাসক ও জনসাধারণ আবারো তাদের প্রিয় এ গির্জায় আসতে পারবেন। ২০১৯ সালে সংঘটিত অগ্নিকাণ্ডের পর পরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, ‘নটর ডেম ক্যাথেডালের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ফের নির্মাণ করা হবে। ২০২৪ সালে অলিম্পিক গেমস শুরু হওয়ার আগেই সর্বসাধারণদের জন্য খুলে দেয়া হবে এ গির্জার দুয়ার।’ ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। অলিম্পিক গেমসে সারা বিশ্ব থেকে পর্যটকরা ভিড় জমামে প্যারিসে। তাই এ আয়োজনকে সামনে রেখেই এমন ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গির্জার ভোল্ট ও কাঠের ছাদের কাঠামোর মতো গুরুত্বপূর্ণ অংশগুলোর পুনর্নির্মাণ করা হবে।

১১৬০ সালের দিকে প্যারিসের তত্কালীন বিশপ মরিস ডি সালি ক্যাথেড্রাল নির্মাণের পরিকল্পনা করেন। এর কয়েক বছর পর ক্যাথেড্রালটি নির্মাণকাজ শুরু করা হয়। পুরো কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় ২০০ বছর। গথিক স্থাপত্য, রোজ উইন্ডো, সুবিশাল ঘণ্টা ও সুনিপুণ কারুকাজ সব মিলিয়ে এক অসাধারণ স্থাপত্যশৈলীর গির্জাটি বহুবার সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। গথিক স্থাপত্য ধারার অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় নটর ডেম ক্যাথেড্রালকে।

 

সূত্র: রয়টার্স