হাতে গোনা আর কয়েকদিন পরই ঈদ। প্রতি বছর ঈদেই প্রচার হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘‌ইত্যাদি’। সে ধারাবাহিকতায় এবারের ঈদেও থাকছে ইত্যাদি। অনুষ্ঠানটিতে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। তার সঙ্গে গান, অভিনয়, নৃত্যের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা হয় এতে। ঈদের জন্য নির্মিত ইত্যাদির বিশেষ পর্বে দেখা মিলবে দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর। 

ইত্যাদির অন্যতম আকর্ষণ থাকে দলীয় সংগীত। এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এসব অ্যাপসের লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

৯০-এর দশক থেকে শুরু হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠানটি। শুরু থেকেই ইত্যাদি উপস্থাপনার ভার হানিফ সংকেতের ওপর। এবারো উপস্থাপনায় থাকবেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত এ উপস্থাপক। এটি রচনা ও পরিচালনায়ও আছেন তিনি। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এ নাচকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এ দলীয় সংগীত দর্শকদের আনন্দ দেবে। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।