মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নাটক ‘৪২০’। এটি নির্মাণ হয়েছিল ২০০৭ সালে। দর্শকের মধ্যে নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’, যা এরই মধ্যে ৫ ডিসেম্বর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরদিন ৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি। ১১ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’ সিনেমার বিশেষ প্রিমিয়ার। সেখানে সিনেমার সব কলাকুশলী উপস্থিত ছিলেন। সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা সবাই এদিন সিনেমাটি উপভোগ করেন। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়েই এ গল্প ‘৮৪০’। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এ সিনেমার প্রযোজনায় আছেন নুসরাত ইমরোজ তিশা।
তিশা বলেন, ‘আমার প্রযোজিত প্রথম কোনো সিনেমা বাংলাদেশে রিলিজ হচ্ছে। খুবই ভালো লাগছে। একটা মানুষের স্বপ্ন থাকে। ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চেয়েছি। সামনে আরো সিনেমা বানাতে চাই।’
এক প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ফিল্ম মেকাররা কাজের মধ্য দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এখানে ক্ষমতাকে স্যাটায়ার দিয়ে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসককে টেকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে সিনেমাটি রিলিজ হতো না। কারণ ‘শনিবার বিকেল’ নিয়ে দেখেছি কী হয়েছে। সবচেয়ে বড় কথা, সিনেমাটি রিলিজ হয়েছে।’
‘৮৪০’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সর্বজনীন লড়াই হলো সাংস্কৃতিক লড়াই। লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এ সিনেমা আগের ৪২০ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা ও সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু গত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা সিনেমা নির্মাতারা নানা কারণে অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সে কাজই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সে লড়াই এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের কাছে আমাদের আহ্বান—সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করুন।’
‘৮৪০’-এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়া দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সবাই এদিন প্রিমিয়ারে অংশ নেন।










