গুণী অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক ও রচয়িতার ভূমিকাও রাখেন তিনি। অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও নাটক নির্মাণ করেন প্রায় সময়ই। সম্প্রতি একটি একক নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। নাটকের নাম ‘শিলা বৃষ্টির শরবত’। নাটকটির গল্প প্রয়াত রাবেয়া খাতুনের। চিত্রনাট্য ও পরিচালনা আবুল হায়াতের। নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও জাকিয়া বারী মম। 

নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘বিশেষ উৎসবকে কেন্দ্র করেই আমার নাটক নির্মাণ করা হয়ে থাকে। আমার বেশির ভাগ নাটকই নির্মিত হয়ে থাকে চ্যানেল আইতে প্রচারের জন্য। যথারীতি রাবেয়া খাতুন আপার গল্প নিয়েই এবারের নাটক নির্মাণ। গল্পটা একেবারেই অন্য রকম। আমার ভালো লেগেছে বিধায় আমি আমার মতো করে চিত্রনাট্য করে নাটকটি নির্মাণ করেছি।’

নাটকের অভিনয়শিল্পীদের প্রসঙ্গ টেনে আবুল হায়াত বলেন, ‘নাটকটিতে যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই মন দিয়ে কাজটি করেছেন। প্রধান দুটি চরিত্রে শাহেদ ও মম চমৎকার অভিনয় করেছে। সত্যি বলতে কী, শাহেদ তো আগে থেকেই অভিনয়ে বেশ চমৎকার। আমার নাটকে কাজ করার সময় সে যেন আরো বেশি সিরিয়াস থাকে। পাশাপাশি আমাকে সহযোগিতাও করে। আর মম গুণী অভিনয়শিল্পী। মন দিয়ে চরিত্রে ডুবে থেকে কাজটি করার চেষ্টা করে। যথারীতি এ নাটকেও তাই করেছে। আশা করছি, ভালো লাগবে দর্শকের।’ 

অন্যদিকে জাকিয়া বারী মম প্রথম তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর সিনেমা ও নাটক দুই ধারাতেই কাজ করেছেন। ওয়েব মাধ্যমেও সরব এ অভিনেত্রী। জাকিয়া বারী মম আবুল হায়াতের নির্দেশনায় কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘প্রথমই বলব শিলা বৃষ্টির শবরবত নাটকের নামটা অদ্ভুত। নাটকটা করতে গিয়ে নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি। আবুল হায়াতের সঙ্গে কাজ করা মানেই নতুন কিছু শেখার সুযোগ। কাজটায় সবার সাপোর্ট পেয়েছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এ নাটক করতে গিয়ে। আশা করি, নাটকটি প্রচারের পর দর্শকের ভালো লাগবে।’ আবুল হায়াত জানান, বিশেষ দিবসের জন্য নির্মিত শিলা বৃষ্টির শরবত নাটকটি শিগগির প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। রাজধানীর অদূরে ‘নক্ষত্র বাড়ি’ রিসোর্টে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। আবুল হায়াত জানান, শুটিং চলাকালে তার সহধর্মির্ণী শিরীন হায়াতও তার সঙ্গে ছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন। মম ও শাহেদ ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আব্দুল বারী, শেলী আহসান প্রমুখ।