জেমস বন্ডের পরবর্তী সিনেমা ‘নো টাইম টু ডাই’ একের পর এক মুক্তির তারিখ দিয়েও পিছিয়ে যাচ্ছে। বিশ্বের ভয়ংকর সব শত্রুর বিরুদ্ধে লড়লেও করোনার কাছে বারবার হারতে হচ্ছে জিরো জিরো সেভেনকে। ড্যানিয়েল ক্রেগ অভিনীত বন্ড সিরিজের শেষ সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে আরেকটি ধোঁয়াশা।

জেমস বন্ডের নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার কিনে নিয়েছে অ্যামাজন। এজন্য অ্যামাজনকে গুনতে হচ্ছে ৮৪৫ কোটি ডলার। এবার প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএমের সঙ্গে স্ট্রিমিং সাইট অ্যামাজনের বিশাল অংকের চুক্তি ভাবিয়ে তুলেছে বন্ড প্রেমীদের। অনেকেই মনে করছেন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সর্বপ্রথম ওটিটি প্লাটফর্মেই মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি এমজিএমের সঙ্গে চুক্তি অনুযায়ী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিলে অনলাইনে প্রকাশের সুযোগ রয়েছে অ্যামাজনের হাতে।

তবে সিনেমাটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান ইওন প্রডাকশন, ওটিটিতে এর মুক্তিকে জল্পনা হিসেবে অভিহিত করেছে। ভ্যারাইটিতে এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটির দুই উচ্চপদস্থ কর্মকর্তা ব্রোকলি ও উইলসন জানান, ‘পুরো বিশ্বের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য জেমস বন্ড মুক্তি দিতে আমরা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।’

এ প্রতিবেদনে বলা হয় অ্যামাজন ও এমজিএমের মধ্যে চুক্তি হলেও এখনো সিনেমাটির ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মার্কেটিংয়ের অনেক নিয়ন্ত্রণ রয়েছে ইওন প্রডাকশনের হাতে। এ বছরের ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে নো টাইম টু ডাই।

প্রতিবেদনে আরো বলা হয় এমজিএম স্টুডিওর মালিক প্রতিষ্ঠান এমজিএম হোল্ডিংস গত বছর থেকেই স্টুডিওর জন্য ক্রেতা খুঁজছিল। অবশেষে তারা অ্যামাজনের সঙ্গে চুক্তিতে একমত হতে পেরেছে।

চুক্তিটির সুবাদে হলিউডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এ স্টুডিও থেকে মুক্তি পাওয়া চলচ্চিত্রের তালিকায় ক্ল্যাসিক বলে বিবেচিত ‘সাম লাইক ইট হট’ বা ‘সিংগিং ইন দ্য রেইনে’র পাশাপাশি এসেছে জেমস বন্ড সিরিজের মতো ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজ।

সূত্র: ভ্যারাইটিডটকম