বন্ধুত্বের গল্প নিয়ে ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন কাজল আরেফিন অমি। দুটি নাটকই দুই ঈদে প্রচারের পর পেয়েছিল দর্শকপ্রিয়তা। ফের নাটকটির সিকুয়াল আনতে যাচ্ছেন নির্মাতা। দর্শকের অনুরোধে কাজল আরেফিন অমি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করতে যাচ্ছেন এবার লাভ বাজ। এখন নাটকটি নির্মাণের প্রস্তুতি চলছে। আগের দুই নাটকে যারা ছিলেন এবারো তাদের অনেকেই থাকছেন। তবে কিছু পরিবর্তনও দেখা যাবে। আপাতত জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, সাফা কবির, শরাফ আহমেদ জীবন চূড়ান্ত বলে নিশ্চিত করলেন নির্মাতা অমি।

নাটকটি নিয়ে অমি বলেন, ‘এ ফ্র্যাঞ্চাইজির গল্পটা আসলে বন্ধুত্বের। প্রথমে তাদের মধ্যে একটা ব্যাড বাজের গল্প দেখিয়েছি, এরপর গুড বাজ এসেছে। তো দুটি গল্পেই বন্ধুত্বের জায়গাটা বেশি ফোকাস করেছিলাম। এবার তাদের মধ্যকার লাভ অ্যাঙ্গেলটা তুলে ধরতে চাই। সে কারণে ভ্যালেন্টাইনে রিলিজের সিদ্ধান্ত, বাকিটা দেখা যাক।’

অন্যদিকে লাভ বাজ নাটক প্রসঙ্গে জানতে চাইলে ইভানা বলেন, ‘অমি ভাইয়ের গল্পে এর আগে বেড বাজ, গুড বাজ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলাম। যথারীতি দর্শকের অনুরোধে অমি ভাই আবারো সিকুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। এখন নাটকটি নির্মাণের প্রস্তুতি চলছে। আমার এ মুহূর্তে শরীরটা একটু খারাপ। কয়েকদিন ধরে জ্বরে ভুগছি, এজন্য নতুন কোনো কাজ করছি না। বাসায়ই বিশ্রামে আছি। আশা করা যাচ্ছে, অমি ভাই আগামী ডিসেম্বরে ভালোবাসা দিবস উপলক্ষে লাভ বাজ নাটকের কাজ শুরু করবেন। আমি ছাড়া অন্য যারা আছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি, আগামী বছরের ভালোবাসা দিবস হবে লাভ বাজময়, ইনশাআল্লাহ। দর্শক এবারো আমাদের নাটকটি ভালোবাসবেন বলে বিশ্বাস করি।’

সাম্প্রতিক সময়ে ইভানা অভিনীত প্রীতি দত্তের ‘জানরে’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।