দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের মধ্য দিয়ে ওটিটি প্লাটফর্মেও সমানভাবে জনপ্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়েই আলোচনায় থাকেন এ তারকা। এবার উচ্চমূল্যে বাড়ি কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। তারকাদের জন্য নতুন বাড়ি বা গাড়ি কেনা স্বাভাবিক বিষয় হলেও সামান্থার নয়া বাড়ি কেনা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন জেগেছে। কারণ সম্প্রতি সামান্থা হায়দরাবাদের যে বাড়িটি কিনেছেন এ বাড়ি দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সংসার করেছিলেন। ২০১৭ সালে নাগার সঙ্গে বিয়ে হয় সামান্থার। চার বছর পর আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে নিজের মায়ের সঙ্গে সেই বাড়িতেই থাকছেন সামান্থা।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে এ নিয়ে কথা বলেন তামিল সিনেমার অভিনেতা ও রিয়েল এস্টেট এজেন্ট মুরলি মোহন। মূলত তার কাছ থেকেই বাড়িটি কিনে নিয়েছেন সামান্থা রুথ। মুরলি বলেন, ‘সামান্থা বাড়িটি নিজের টাকায় দিয়ে কিনে নিয়েছেন। বিয়ের পর এখানে একসঙ্গে থাকতেন নাগা ও সামান্থা। তবে তারা খুব বেশি দিন এখানে থাকেননি। কারণ নুতন একটি বাড়ি কিনে এটা তারা বিক্রি করে দিয়েছিলেন।’

মুরালি আরো বলেন, ‘বিচ্ছেদের পর সামান্থা বাড়িটি আবারো কিনে নিয়েছেন। সামান্থা আমাকে বলেছিলেন, বাড়িটা তার খুব পছন্দ আর তিনি মনে করেন সব মিলিয়ে তার জন্য আদর্শ আবাসস্থল। যদিও এ বাড়িতে যারা থাকতেন তারা বাড়িটি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না। সামান্থার অনুরোধে আমি তাদের  বিষয়টি বোঝাই আর তার পরই উচ্চমূল্য দিয়েই বাড়িটি কিনেছেন অভিনেত্রী।’

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান দিয়ে চলতি বছর সবার নজর কেড়েছিলেন সামান্থা রুথ। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে তামিল গেরিলা যোদ্ধা রাজির চরিত্রে অভিনয় করে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন তিনি। এজন্য এখনো প্রশংসিত এ তারকা। কিছুদিন আগেই করণ জোহরের আলোচিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনে হাজির হয়েছিলেন তিনি। বেশ কিছু সিনেমায় সামনে দেখা যাবে সামান্থাকে যার মধ্য উল্লেখযোগ্য ‘শকুন্তলা’, এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। চলতি বছরের শেষে আসছে সামান্থার আসন্ন সিনেমা ‘খুশি’।

 

সূত্র: আউটলুক