ভারতের চলচ্চিত্র পরিচালক কুমার সাহানি আর নেই। শনিবার (২৪ ফেব্রুয়ারি)
দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৮৩ বছর। খবর আনন্দবাজার পত্রিকা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি শ্বাসনালীতে সংক্রমণ, হাইপার
টেনশন নিয়ে কুমার সাহানিকে হাসপাতালে ভর্তি করানো হয়। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি
ঘটতে থাকে।
হিন্দি ছবির জগতে অন্য ধারার ছবির সূত্রেই পরিচিতি পান সাহানি। ছয়
দশকের বিস্তৃত ক্যারিয়ারে ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘খেয়াল গাথা’ ও ‘কসবা’ তার উল্লেখযোগ্য
ছবি।
১৯৪০ সালের ৭ ডিসেম্বর সিন্ধের লারকানায় (বর্তমানে পাকিস্তান) জন্ম
কুমার সাহানির। দেশভাগের পর তার পরিবার ভারতের মুম্বাইয়ে পাকাপাকিভাবে চলে আসে। পরবর্তী
সময়ে পুনে ফিল্ম ইনস্টিটিউটে (এফটিআইআই) ভর্তি হন সাহানি। এ সময় ঋত্বিক ঘটক তার শিক্ষক
ছিলেন। পরবর্তী জীবনে তার ছবিতে ঋত্বিকের প্রভাবের কথাও স্বীকার করেছেন সাহানি। ফরাসি
সরকারের স্কলারশিপ পেয়ে ফ্রান্সে গিয়ে পরিচালক রবার্ট ব্রেসেঁর সহকারী পরিচালক হিসেবে
‘আ জেন্টল ওম্যান’ ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি।
কুমার সাহানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রোববার (২৫ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে লেখেন, প্রখ্যাত
পরিচালক কুমার সাহানি কলকাতায় প্রয়াত হয়েছেন জেনে আমি মর্মাহত। তিনি ছিলেন একজন শক্তিশালী
পরিচালক, ভারতীয় সমান্তরাল ঘরানার ছবিতে তার গভীর উপস্থিতি ছিল। ভারতীয় চলচ্চিত্রের
জন্য এটি খুব বড় একটি ক্ষতি। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা
জানাচ্ছি।










