এলিনা শাম্মীর লেখা বিশেষ নাটক ‘ব্যাচেলর ডায়েরী’ আজ বিটিভিতে প্রচারিত হবে। বিটিভির প্রযোজনায় নির্মিত নাটকটি সম্প্রচার করা হবে আজ রাত ৯টায়।

পারিবারিক ও সমাজঘনিষ্ঠ গল্পে নির্মিত এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী ও আল আমিন সবুজ।

নাটকটি নিয়ে অভিনয়শিল্পী ডলি জহুর বলেন, ‘বিটিভিতে কাজ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।’ বিটিভি থেকে পাওয়া ভালোবাসা ও দর্শকপ্রিয়তার তুলনা অন্য কোথাও নেই বলেও জানান তিনি। ‘ব্যাচেলর ডায়েরী’ নাটকের গল্পের প্রশংসা করে তিনি বলেন, ‘শাম্মী খুব সুন্দরভাবে নাটকটি লিখেছে এবং নিজেও ভালো অভিনয় করেছে। অন্য শিল্পীরাও যার যার চরিত্রে দারুণ কাজ করেছেন। দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

নাট্যকার ও অভিনেত্রী এলিনা শাম্মী জানান, ব্যাচেলর ডায়েরী একটি পারিবারিক ও সমাজঘনিষ্ঠ নাটক, যা সব বয়সী দর্শকের ভালো লাগবে। শ্রদ্ধেয় ডলি জহুরের সঙ্গে এটি তার প্রথম কাজ। তিনি বলেন, ‘এই বয়সেও ডলি জহুর অত্যন্ত ডেডিকেটেড। সংলাপ থেকে শুরু করে কস্টিউম কন্টিনিউটি—সবকিছু তিনি নিখুঁতভাবে মনে রাখেন। শুটিংয়ের সময় কোনো ভুল হলে তিনি আন্তরিকভাবে তা ঠিক করে দিতেন। তার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে।

অভিনেতা মীর রাব্বি বলেন, ‘এই নাটকে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আগে বিটিভির নাটকে কাজ করলেও সেগুলোর বেশির ভাগই ছিল আউটডোর। “‍ব্যাচেলর ডায়েরী” পুরোপুরি সেটভিত্তিক হওয়ায় কাজের অভিজ্ঞতাও ছিল ভিন্ন।’ রিয়েল লোকেশনে অভ্যস্ত থাকার পর সেটে কাজ করা তার জন্য চ্যালেঞ্জিং হলেও শেখার চেষ্টা করেছেন বলে জানান তিনি। গল্পের প্রয়োজনে ডলি জহুরের সঙ্গে আরো বেশি সময় কাজ করতে পারলে ভালো লাগত বলেও মন্তব্য করেন এ অভিনেতা।