ভারতীয় বক্স অফিসে মধ্যম মানের সাড়া পেয়েছে শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। সে ধারাই অব্যাহত রয়েছে মুক্তির তৃতীয় দিনে, তবে আগের দিনের চেয়ে আয়ের অঙ্ক কিছুটা বেড়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবারের (২২ ডিসেম্বর) তুলনায় গতকাল শনিবার ‘ডাঙ্কি’র আয় বেড়েছে ৩০ শতাংশ। শুক্রবার আয় ছিল ২০ কোটি ১৫ লাখ রুপি। সে অঙ্ক পরদিন প্রায় পৌনে ২৭ কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

কভিড-১৯ পরবর্তী ভারতীয় বক্স অফিসে মারদাঙ্গা সিনেমা দারুণভাবে সমাদর পাচ্ছে। সে তুলনায় পিছিয়ে আছে সোশ্যাল-ড্রামা। এ ঘরানার বেশ কয়েকটি সিনেমা ভালো সাড়া পেলেও কোনোটিই বক্স অফিস নাম্বারে অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেনি। তারই পুনরাবৃত্তি ঘটেছে ‘ডাঙ্কি’র ক্ষেত্রে। বিশেষ করে শাহরুখের সর্বশেষ দুই রিলিজ ‘পাঠান’ ও ‘জওয়ান’ যে ব্যবসা করেছিল, তার ধারে-কাছেও নেই ‘ডাঙ্কি’। তবে সীমিত বাজেটের নিরিখে সুপারহিটের ঘরে পৌঁছে যেতে পারে।

অবশ্য তৃতীয় দিনে আয় বৃদ্ধি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্টরা। কারণ রোববার ছুটির দিন হওয়ায় বড়সড় লাফ নিতে পারে সিনেমাটি। চলমান ধারা বজায় থাকলে আজ রোববার শত কোটি ঘর পার হয়ে যাবে ‘ডাঙ্কি’।

গত ২১ ডিসেম্বর মুক্তির প্রথম দিনে ‘ডাঙ্কি’ আয় করে ২৯ কোটি রুপি। শুক্রবার আয় ছিল ২০ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, রোববার এ অঙ্ক ছুঁবে ৩০ কোটি রুপিতে। অর্থাৎ, বাড়তি একদিনসহ উইন্ডএন্ডে আয় দাঁড়াবে ১১০ কোটি রুপি। এরপর সোমবার বড়দিনের ছুটি থাকায় সেদিনও বিশেষ সুবিধা পাবে ‘ডাঙ্কি’। আর মঙ্গলবার থেকেই শুরু হবে টিকে রাখার মূল লড়াই। সেখানে যদি ভালো করে, তবে আগামী শুক্রবার নাগাদ ২০০ কোটি ক্লাবে ঢুকে পড়বে।

অবশ্য ‘ডাঙ্কি’র অপ্রত্যাশিত কম আয়ের পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে প্রশান্ত নীল পরিচালিত ও প্রভাস অভিনীত ‘সালার’। এ সিনেমা এরই মধ্যে ভারতে ২০০ কোটি রুপির ঘরে পৌঁছে গেছে।