আসছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দি ওডিসি’। সিনেমাটি আগামী বছরের ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। এ ধারার সিনেমা আগে নির্মাণ করেননি নোলান। তবে নির্মাণের সম্ভাবনা ছিল। তাকে বিখ্যাত ‘ট্রয়’ নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছিল। সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনকে নোলান জানান, ওয়ার্নার ব্রোস তাকে ট্রয় নির্মাণে নিযুক্ত করেছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। ওডিসি নির্মাণের সিদ্ধান্তও নোলানের সাম্প্রতিক নয়। তিনি অনেক আগে থেকেই এটা নিয়ে ভেবেছেন।
নোলান বলেন, ‘ওয়ার্নার ব্রাদার্স আমাকে মূলত ‘‘ট্রয়’’ পরিচালনা করতে নিয়োগ করেছিল। পরে ওল্ফগ্যাং পিটারসেন সিনেমাটি নির্মাণ করেন। এদিকে পিটারসেনের সুপারহিরো মুভি ‘‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’’-এ বিনিয়োগ করতে চায়নি তারা। তিনি তখন ট্রয়ই নির্মাণ করেন। কিন্তু ওই সময় থেকেই ট্রয় নিয়ে আমার মাথায় নানা চিন্তা ছিল। বিশেষত ট্রোজান হর্স কীভাবে দেখাব সেসব নিয়ে ভাবতাম।’
ওল্ফগ্যাং পিটারসেন ‘এয়ার ফোর্স ওয়ান’ ও ‘দ্য পারফেক্ট স্টর্ম’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন। এরপর তিনি নির্মাণ করতে চাইলেন সুপারহিরো সিনেমা। নোলানও তখন ‘মেমেন্টো’ থেকে সফলভাবে হলিউড স্টুডিও সিস্টেমে প্রবেশ করেছিলেন ওয়ার্নার ব্রাদার্সের ২০০২ সালের থ্রিলার ‘ইনসমনিয়া’ পরিচালনার মাধ্যমে। স্টুডিও চাইছিল নোলানকে নিজেদের ঘরেই ধরে রাখতে। ‘ট্রয়’-এ সেই সুযোগ ছিল। নোলান এম্পায়ারকে জানান, ওয়ার্নার ব্রাদার্স ‘ট্রয়’ পিটারসেনকে ফিরিয়ে দেয় এবং নোলানকে ‘ক্ষতিপূরণ’ হিসেবে ‘ব্যাটম্যান বিগিনস’ নির্মাণের প্রস্তাব করে।
পিটারসেনের ট্রয়ে অভিনয় করেছিলেন ব্র্যাড পিট, এরিক বানা, অরল্যান্ডো ব্লুম ও ডায়ান ক্রুগার। ২০০৪ সালের গ্রীষ্মে মুক্তির পর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি ডলার আয় করে। পরের গ্রীষ্মে মুক্তি পায় নোলানের ব্যাটম্যান বিগিনস। বাকিটা তো ইতিহাস। ব্যাটম্যানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ত্রয়ী নোলানের নির্মাণে এসেছে।
আর আসন্ন দি ওডিসিতে নোলান অবশেষে ট্রয় যুদ্ধকে বড় পর্দায় ফুটিয়ে তোলার নিজের বহুদিনের স্বপ্ন পূরণ করতে চলেছেন। সিনেমায় ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করছেন ম্যাট ড্যামন। তার ছেলে টেলেমাকাসের ভূমিকায় টম হল্যান্ড। বিশাল এ অভিনেতা-দলে আরো আছেন অ্যান হ্যাথাওয়ে, জেন্ডেয়া, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন ও জন বার্নথাল।
হোমারের ওডিসি কাহিনীকে কেন চলচ্চিত্রে রূপান্তর করতে চেয়েছেন—এ প্রসঙ্গে নোলান এম্পায়ার ম্যাগাজিনকে আরো বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনি সবসময় সিনেমার সংস্কৃতিতে ফাঁকা জায়গা খোঁজেন, যে জিনিসগুলো আগে হয়নি। আর আমি দেখলাম যে রে হ্যারিহাউসেনের সিনেমা এবং অনুরূপ যেসব পুরাণভিত্তিক সিনেমা দেখে আমি বড় হয়েছি, সেগুলোকে কখনই সে গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তৈরি হতে দেখিনি। কিন্তু এখন বড় বাজেট, আইম্যাক্স প্রডাকশন দিয়ে তা হতে পারে।’
সূত্র: ভ্যারাইটি










