নোরা ফাতেহি এখন রীতিমতো বৈশ্বিক তারকা। তিনি দক্ষ অভিনেত্রী নন, কিন্তু বলিউডের এ সুন্দরীর তারকা হয়ে ওঠা তাতে বাধা পায়নি। সম্প্রতি তিনি আন্তর্জাতিক পপস্টার ম্যাডোনা, বিলি আইলিশ ও কার্ডি বির পাশে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী হাসান হাজ্জাজের ফটোশুটে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

হাসান হাজ্জাজের জন্ম মরক্কোয় এবং বেড়ে ওঠাও মরক্কোয়। ফটোশুটের ব্যাকড্রপে নানা রঙের টেক্সটাইল ব্যবহারের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার ফটোশুটে বিভিন্ন সময় অংশ নিয়েছেন ম্যাডোনা, বিলি আইলিশ, কার্ডি বি, অফ্রিকান বয়।

নোরা ফাতেহি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজ্জাজের ফটোশুট থেকে ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিখ্যাত আন্তর্জাতিক আলোকচিত্রীশিল্পী হাসান হাজ্জাজের সঙ্গে শুটিংয়ে দারুণ সময় কাটল। মরক্কোর স্ট্রিট হেরিটজকে তিনি যেভাবে পপ সংস্কৃতির ছন্দের সঙ্গে মেলান তাতে তার কাজ সবসময়ই ভালো লাগে।’

শুধু এটাই নয়, আরো বেশকিছু আন্তর্জাতিক অর্জন আছে নোরার, যা আর কোনো বলিউডশিল্পীর নেই। প্যারিসের অলিম্পিয়া কনসার্ট হলে নোরা পারফর্ম করেছিলেন। এখানে পারফর্ম করা শিল্পী বা দলের মধ্যে আছেন বিটলস, পিংক ফ্লয়েড, টেলর সুইফট, ম্যাডোনা। নোরা ছাড়া এ ঐতিহ্যবাহী হলে আর কোনো বলিউড তারকার স্থান হয়নি এখনো।

বলিউডে নোরা এখন ব্যস্ত তারকাদের একজন। তিনি বিনোদনজগতের বিভিন্ন বিভাগে নিজের চমক দেখিয়ে যাচ্ছেন। সামনে আসছে তার ছবি ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া।

 

সূত্র: বলিউড হাঙ্গামা