তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘উড়াল’, যা আজ, আগস্টের প্রথম দিনে—বন্ধু দিবসের মাসে মুক্তি পাচ্ছে। সিনেমায় উঠে এসেছে তিন বন্ধু ও এক তরুণীর সম্পর্ক, বন্ধুত্বের বন্ধন, আত্মত্যাগ আর আবেগের গল্প।
পরিচালনায় রয়েছেন জোবায়দুর রহমান, এটি তাঁর প্রথম চলচ্চিত্র। অভিনয়ে আছেন একঝাঁক নতুন মুখ—মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ। অধিকাংশেরই এটি পর্দায় প্রথম কাজ।
শুটিং হয়েছে সৈয়দপুর, পার্বতীপুর ও নড়াইলে। স্থানীয় ভাষা ও চরিত্রের স্বাভাবিকতা বজায় রাখতে নেওয়া হয়েছে সেসব এলাকার শিল্পীদেরও। ঢাকায় অডিশনের মাধ্যমে বাছাই করা হয় কেন্দ্রীয় শিল্পীদের।
অভিনেতা মাহফুজ মুন্না বলেন,‘শুদ্ধ বন্ধুত্বের কারণেই পৃথিবীটা এখনো সুন্দর। এই সিনেমায় বন্ধুর প্রতি ভালোবাসা, ত্যাগ ও প্রতিবাদ খুঁজে পাবেন দর্শক।’
নির্মাতা জানান, পরিচিত মুখ না নিয়ে নতুনদের নিয়েই কাজ করার সিদ্ধান্ত নেন তিনি, যাতে চরিত্রগুলো আরও বাস্তব মনে হয়। শুটিংয়ে অভিনয়শিল্পীরা একসঙ্গে থেকে, একসঙ্গে খেয়ে বন্ধুত্বের রসায়ন তৈরি করেছেন, যা ফুটে উঠবে পর্দায়।
সিনেমাটির প্রযোজনা করেছেন অভিনেতা শরীফ সিরাজ। চিত্রনাট্য লিখেছেন আব্দুল হালিম প্রামাণিক, এটিও তাঁর প্রথম কাজ।
‘উড়াল’ শুধু একটি সিনেমা নয়, বরং একঝাঁক নতুন মুখের বন্ধুত্ব আর স্বপ্নের বাস্তব রূপ। এখন দেখা যাবে, দর্শক কতটা ভালোবাসেন তাদের এই প্রথম উড়াল।










