রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা ও’ রোমিও দিয়ে আবারো আলোচনায় বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে ইতিবাচক সাড়া পাচ্ছে।
বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমা ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনই আশাব্যঞ্জক সূচনা করে। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত শুক্রবার এ সিনেমার আয় ছিল ৮ দশমিক ৫ কোটি রুপি। দ্বিতীয় দিন সেই গতি আরো বাড়ে। গত শনিবার ৪৪ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আয় করে ১২ দশমিক ২৫ কোটি রুপি। ফলে দুদিনে ভারতে নিট সংগ্রহ দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৫ কোটি রুপি।
শনিবার প্রেক্ষাগৃহে সিনেমাটির সার্বিক দর্শক উপস্থিতি ছিল ২৩ দশমিক ২৬ শতাংশ। সকালে তুলনামূলক কম দর্শক উপস্থিতি থাকলেও দুপুর থেকে হলভর্তি হতে শুরু করে। সন্ধ্যায় দর্শক সংখ্যা আরো বাড়ে এবং রাতের শোয় তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। বিশ্লেষকদের মতে, মুখে মুখে প্রচার ও সপ্তাহান্তের ছুটির সুবিধাই এ সফলতার অন্যতম কারণ।
তবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটিকে ঘিরে বিতর্কও চলছে। আদালতের নির্দেশে টিকিট বিক্রয় প্লাটফর্ম বুকমাইশোয় ছবিটির রেটিং ও রিভিউ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, সংগঠিত নেতিবাচক প্রচারণা ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
নাডিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নানা পাটেকর, বিক্রান্ত ম্যাসি, দিশা পাটানি, তামান্না ভাটিয়া, ফরিদা জালাল ও অবিনাশ তিওয়ারি। রোম্যান্স, অ্যাকশন ও নাটকীয়তার মিশেলে নির্মিত ও রোমিও। এখন দেখার বিষয় সপ্তাহান্তের পরও কি একই ছন্দ ধরে রাখতে পারে কিনা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










