ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। তত্কালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এ বাঙালি বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। সেই বিপ্লবী প্রীতিলতার ৮৮তম মৃত্যুবার্ষিকী ২৩ সেপ্টেম্বর। বিশেষ এ দিনটিকে ঘিরে ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’। এতে প্রীতিলতার ভূমিকায় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই এবং নির্মল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার। ৪ ও ৫ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। গল্পের প্রয়োজনেই মূলত সেখানে গিয়ে নাটকটির দৃশ্য ধারণের কাজ করা হয়েছে বলে জানান অভিনেত্রী জুঁই।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রোবেনা জুঁই বলেন, ‘প্রীতিলতা চরিত্রটিকে ফুটিয়ে তোলা অবশ্যই আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমি যখন প্রথম পরিচালকের কাছ থেকে স্ক্রিপ্ট পাই, তখন আসলে ভেবে উঠতে পারিনি কীভাবে কাজটা করা সম্ভব। পরে সবাই মিলে অনেক কষ্ট করে কাজটি ভালোভাবে স্ক্রিপ্ট অনুযায়ী ক্যামেরায় ধারণের চেষ্টা করেছি। গল্পের কারণেই কিন্তু আমাদের এতদূরে ছুটে গিয়ে কাজটি করা। তাই বিশ্বাসের জায়গা থেকেই বলছি কাজটি দর্শকের ভালো লাগবে।’

এদিকে ইন্তেখাব দিনার বলেন, ‘ধন্যবাদ পরিচালককে একটা চ্যালেঞ্জ নিয়ে নাটকটি নির্মাণের জন্য। এটা সত্যি, প্রচণ্ড গরমে আমাদের অনেক কষ্ট করে কাজটি করতে হয়েছে। নির্মাতা চেষ্টা করেছেন ভালোভাবে কাজটি করার। আশা করছি কাজটি দর্শকের মনের মতোই হবে। এটা নিঃসন্দেহে বলা যায়, সাম্প্রতিক সময়ে আমার ভালো লাগার কাজের মধ্যে এটি একটি।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, রিপা রঞ্জনা। তবে ২৩ সেপ্টেম্বর নাটকটি কোন চ্যানেলে প্রচারিত হবে তা এখনো জানানো হয়নি।

১৯৩২ খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় প্রীতিলতা ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিল, যাতে লেখা ছিল ‘কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ’। প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করে এবং পরবর্তী সময় পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা সায়ানাইড গলাধঃকরণ করে আত্মহত্যা করেন।