ছোট পর্দা ও ওটিটি প্লাটফর্মের দাপুটে অভিনেতা আফরান নিশো। এবারে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন নিশো। এতে তার বিপরীতে থাকছেন তমা মির্জা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মৌসুমী মৌর উপস্থাপনায় হয়ে গেল এ সিনেমার মহরত ।
আসন্ন সিনেমাটি নিয়ে এ আয়োজনে আফরান নিশো বলেন, ‘সবসময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করব। জনপ্রিয় ডিরেক্টর শব্দটা রাফির নিজস্ব হয়ে গেছে। তাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। তমার সঙ্গে এটা আমার প্রথম কাজ, রাফীর সঙ্গেও প্রথম। চরকি ও আলফা আইয়ের সঙ্গে আগে কাজ হলেও বড় পর্দায় সবার সঙ্গে এটা প্রথম কাজ। এতগুলো ‘‘প্রথম’’-এ একটু রিস্ক থাকে। যেহেতু সবাই আমরা হার্ডওয়ার্কিং ডেডিকেটেড, ভালো কিছু হবে আশা করি। আমাদের ডিওপি এক মাসের বেশি সময় এটার সঙ্গে কাজ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘রাফীর সঙ্গে জার্নি বলতে খাঁচার ভিতর অচিন পাখিতে যে পাখি বা তমাকে দর্শকরা দেখেছে, যার অনেক কৃতিত্ব, তা অবশ্যই রায়হান রাফীর। তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তার কাছ থেকে শিখছি আমি।’
আফরান নিশো প্রসঙ্গে তমা বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সঙ্গে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি, উনি বলতেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি। তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ আমাকে আপনার বড় পর্দার জার্নির সঙ্গে সঙ্গী করে নেয়ার জন্য।’
সিনেমাটির চিত্রধারণ খুব দ্রুতই শুরু হবে জানিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার অনেক পছন্দের একটা গল্প। অনেকদিন ধরেই গল্পটি আমি বানাতে চাই। কিন্তু এটি বানানোর জন্য কিছু সীমাবদ্ধতা ছিল। কিছু গল্প শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। স্ট্রং প্রযোজক দরকার হয়। আমি খুব ভাগ্যবান, আমি দুজন প্রডিউসার পেয়েছি। আমার দর্শকদের কাছে অনেক ঋণ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি ভালো সিনেমা বানানোর। আমরা শিগগিরই সুড়ঙ্গর শুটিংয়ে যাচ্ছি। টানা শুট করে এটা শেষ করব। আমাদের দোয়া করবেন।’
‘সুড়ঙ্গ’ মহরতের এ আয়োজনে এসেছিলেন পরিচালক শিহাব শাহীন, তানিম নূর, অভিনেতা মোস্তফা মনওয়ার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, মিডিয়া অঙ্গনের অনেকে, সাংবাদিক ও চরকির কর্মকর্তারাসহ আরো অনেকে।
শুটিং প্রসঙ্গে রায়হান রাফী জানিয়েছেন, আগামী ৫ মার্চ থেকে সিলেটে ‘সুড়ঙ্গ’র শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা রায়হান রাফী পরিচালিত পরাণ। এরপর গত ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাফীর ‘দামাল’। এটি দর্শকের ভালোবাসা পায়। রায়হান রাফী এর আগে পোড়ামন ২, দহন ও পরাণ নির্মাণ করেছেন।










