শতকোটি ডলারের মালিক না হওয়া পর্যন্ত স্থির হবেন না বলে জানিয়েছিলেন প্যারিস হিলটন।
দুই বছর আগের এক ভিডিও ইন্টারভিউতে এ মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী শতকোটি ডলারের মালিক হওয়ার ইচ্ছার কথা জানান।
গান-অভিনয়ের পাশাপাশি ‘দিস ইজ প্যারিস’
নামে একটি হোটেলের মালিকও তিনি।
এছাড়া মার্কিন শেয়ারবাজারে তার ব্যবসা রয়েছে।
তবে সম্প্রতি ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাত্কারে প্যারিস তার স্বপ্নের জায়গা থেকে সরে আসার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, অর্থের চেয়ে নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ।
৪০ বছর বয়সী এ তারকা বর্তমানে মনে করেন, অর্থই সবকিছু না।
তিনি বলেন, ‘একসময় আমার লক্ষ্য ছিল শতকোটি ডলারের মালিক হওয়ার।
কারণ তখন আমি ব্যক্তিজীবনে সুখী ছিলাম না।
তখন অর্থকেই স্বাধীনতা বলে মনে হতো আমার।
এ কারণেই আমার ফোকাস ছিল অনেক টাকার মালিক হওয়া।’
তবে বর্তমানে সেই উপলব্ধি থেকে সরে এসেছেন হিলটন।
তিনি বলেন, ‘এখন আমি আমার ব্যক্তিগত জীবনে অবিশ্বাস্যভাবে খুশি।
আমি এখন প্রেমে পড়েছি।
আমি আমার সংসার ও সন্তানদের প্রতি আগ্রহী।
কোটিপতি হওয়ার ব্যাপারে মোটেও আগ্রহী নই।’
প্যারিস হিলটন কিশোর বয়সেই তার অভিষেককালে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান। কিন্তু তার একটি আপত্তিকর ভিডিও প্রকাশ পায় এবং জনপ্রিয়তায় ভাটা পড়ে। তখন মনে হয়েছিল এর জন্য অনেক ভুগতে হবে হিলটনকে। কিন্তু হিলটন তখন নিজেকে ব্যবসায় জড়িয়ে ফেলেন এবং পারফিউম থেকে শুরু করে হোটেল ব্যবসায় তার নাম লেখান। এ সময় জনপ্রিয় ডিজে হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে।










