ছোট পর্দার প্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে নিজের জায়গাটা খুব দৃঢ়ভাবে তৈরি করেছেন এ অভিনেত্রী। শুরুতে তাকে হাসির গল্পে বা হালকা–ধরনের নাটকে বেশি দেখা গেলেও চরিত্র বাছাইয়ে তিনি সবসময় সচেতন ছিলেন। প্রতিটি প্রজেক্টে তিনি চেয়েছেন নিজের ভেতরকার নতুন রঙগুলো তুলে ধরতে। তাই একের পর এক কমেডিধর্মী কাজের মাঝেও হিমি খুঁজে বেড়িয়েছেন বৈচিত্র্য, খুঁজেছেন গভীরতর চরিত্র। এবার সে অনুসন্ধান যেন নতুন মাত্রা পেল। পুরোপুরি বদলে গিয়ে এক ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।
নতুন এ নাটকের নাম ‘মায়ের শাসন’। গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মহিন খান। এখানে মা-মেয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি। হিমিকে এখানে দেখা যাবে বেশি আবেগঘন এক চরিত্রে।
হিমি জানান, এটি তার অভিনয়জীবনের ভিন্নধর্মী একটি কাজ। দর্শক নাকি এবার একেবারেই নতুন এক হিমিকে দেখতে পাবেন। তার ভাষায়, এ নাটকের গল্প শুধু আবেগ নয়, আমাদের দৈনন্দিন জীবনযাপন, পারিবারিক সম্পর্ক আর ভুল–শোধরানোর অনিবার্যতা সবকিছুর প্রতিচ্ছবি। একজন মায়ের ত্যাগ, সহনশীলতা, ভালোবাসা আর কখনো কখনো কঠোর হয়ে ওঠার যে বাস্তবতা, তা খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে মায়ের শাসনে।
নাটকে দেখা যাবে, সন্তানের ভুল পথে হাঁটা আর সে ভুল থেকে বাঁচাতে মায়ের কঠোর সিদ্ধান্ত—এ দুইয়ের টানাপড়েন। মায়ের শাসন কখনো কখনো কঠিন মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকে গভীর স্নেহ আর সারা জীবনের নিরাপত্তা। দর্শক সে সত্যিটাই আবার নতুন করে অনুভব করার সুযোগ পাবেন বলে নির্মাতাদের বিশ্বাস।
মনিরা আক্তার মিঠুর দৃঢ় অভিনয় আর হিমির আবেগমাখা নতুন রূপ এ দুইয়ের সমন্বয়ে নাটকটি আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। তাদের সঙ্গে অভিনয়ে রয়েছেন রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি, মিনু সিরাজসহ আরো কয়েকজন শিল্পী।
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মায়ের শাসন উন্মুক্ত করা হবে। পরিবার, সম্পর্ক আর মায়ের নীরব শক্তিকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকের মনে নরম ছাপ ফেলবে, এমনটাই আশা পুরো দলের।










