মুক্তির তৃতীয় শনিবারে ৪ কোটি ৩০ লাখ রুপি আয় করে শক্তিশালী অবস্থান জানিয়ে দিল অজয় দেবগন, মাধবন ও জ্যোতিকা অভিনীত ‘শয়তান’। হরর ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছে ১৬ মার্চ। এরপর বক্স অফিসের নিরিখে পাশেই দাঁড়াতে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ১৬ দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১২০ কোটি ৯৫ লাখ রুপি। আর বিশ্বব্য়াপী আয় করেছে ১৬৭ কোটি টাকা। এর আগে ১০ দিনের মাথায় প্রবেশ করে শত কোটির ক্লাবে।

‘শয়তান’-এর পর ভারতীয় বাজারে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে বলিউডের ‘যোদ্ধা’, ‘বীর সাভারকর’ ও হলিউডের ‘কুংফু পান্ডা’। মোট সাতটি সিনেমা এলেও নিজের অবস্থানে দৃঢ় রয়েছে ‘শয়তান’।

সিনেমার গল্প আবর্তিত হয় এক রাতের গল্প ঘিরে। একজন অনাহূত অতিথি পাহাড়ি এলাকার এক ফার্মহাউসে ঢুকে পড়ে। সেখানে বসবাসকারী পরিবারের সঙ্গে তার দেখা হলে একের পর এক গা ছমছমে ঘটনা ঘটতে থাকে।

কৃষ্ণদেব ইয়াগনিক পরিচালিত ‘শয়তান’ ২০২৩ সালের গুজরাটি হরর ফিল্ম ভাশের হিন্দি রিমেক। সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস ও প্যানোরামা স্টুডিও।