শাহরুখ খানের সঙ্গে রইস ছবিতে অভিনয় করে বলিউডে অভিষেক হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। পেয়েছিলেন গণমাধ্যমের মনোযোগও। নানা করণেই তিনি সংবাদ শিরোনাম হন। তার মধ্যে আছে গোপন বিয়ে, নাকে সার্জারি। সম্প্রতি এমন সব প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন মাহিরা। 

গোপন বিয়ের প্রশ্নে সরসরি মাহিরার জবাব, ‘না, আমি গোপনে কোনো বিয়ে করিনি।’ এরপর ক্যামেরায় নিজের হাত দেখিয়ে বলেছেন, কেউ তার আঙুলে কোনো আংটি দেখতে পাচ্ছেন কিনা। ‘আপনারা কি কোনো আংটি দেখতে পাচ্ছেন? বিয়ে করলে অবশ্যই আপনাদের সবাইকে জানাব। ...আমি বিবাহিত নই, এমনকি আমার কোনো আংটি বদলও হয়নি।’

মাহিরাকে নিয়ে আরেকটি জনপ্রিয় গুজব আছে যে তিনি হলিউড সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একটি সিনেমার কাজ করছেন। বেশ কৌতুক করেই এ প্রশ্ন উড়িয়ে দিয়েছেন মাহিরা।

এক ভক্ত বলেছিলেন, যতটা দেখা যায়, মাহিরা নাকি ততটা ধনী নন। এ প্রশ্নের জবাব হ্যাঁ সূচকভাবেই দিয়েছেন তিনি, ‘এক্ষেত্রে আপনার কথা একেবারে সঠিক। আমি অবশ্য জানি না আমাকে কতটা ধনী দেখা যায় কিন্তু এটা বলতে পারি মানুষ আমাকে যতটা ধনী ভাবে, আমি তেমন কিছু নই। আমার গ্যারেজে গাড়ির সারি নেই। আমার কোনো প্রাইভেট জেট নেই। ...এসব আমার জীবনও নয়। তবে আমার যা আছে তা নিয়ে আমি কৃতজ্ঞ এবং যা আছে তা যথেষ্ট।’

নাকে কোনো সার্জারি করিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্পষ্টই ‘না’ বলেছেন মাহিরা। ‘আমার নাকে জুম করে দেখতে পারেন। আমি নাকে কোনো সার্জারি করাইনি।’

 

সূত্র: ডিএনএ