দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল। কনসার্ট নিয়ে ব্যস্ত আছে মেঘদলের সদস্যরা। আজ ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের আসরে গাইবে দলটি। আর আগামী সপ্তাহে কলকাতায় একক কনসার্ট করতে যাচ্ছে মেঘদল। ১৭ নভেম্বর কলকাতার হার্ডরক ক্যাফেতে রাত ৯টায় মেঘদল গাইবে। কলকাতার একক কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে এ ব্যান্ড। 

মেঘদলের কণ্ঠশিল্পী শিবু কুমার শীল বলেন, ‘‌আমরা এ মাসে কলকাতায় ফিরে আসতে পেরে উত্তেজিত। আমরা কলকাতায় থাকব এবং ১৭-২১ নভেম্বর পর্যন্ত একাধিক অনুষ্ঠানে যোগ দেব।’

‘‌হাওয়া’ সিনেমার ‘‌সাদা সাদা কালা কালা’ গানটি কেন্দ্র করে দেশের সীমানা ছাড়িয়ে তাদের এ জনপ্রিয়তা ছড়িয়েছে কলকাতায়ও। এ বছরের শুরুর দিকে মেঘদল ও বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় ব্যান্ড গত ২৩ জুলাই কলকাতার রবীন্দ্র ভবনে মৈত্রী কনসার্টে পারফর্ম করেছিল। আর আবারো কলকাতায় যাত্রা করছে মেঘদল। অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কলকাতায় একক কনসার্টের একটি পোস্ট করে মেঘদল।

২০০২ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল মেঘদলের। এরই মধ্যে ২০ বছরের মাইলফলক স্পর্শ করেছে দলটি। দুই যুগের পথচলা উপলক্ষে গত মাসেই ঢাকায় একটি একক কনসার্টের আয়োজন করেছে তারা। মেঘদল তাদের কনসার্টটির নাম দিয়েছিল ‘শরতের মেঘদল’।

দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে মেঘদল। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে। মাস তিনেক আগে তৃতীয় অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানার শিরোনাম সংগীত (টাইটেল ট্র্যাক) প্রকাশ পেয়েছিল।