ভারতের জীবন্ত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের চমকে দিয়েছেন একটি ছবি পোস্ট করে। না, তার নিজের কোনো ছবি নয়।

ইংল্যান্ডের বার্মিংহামে একটি রেস্তোরাঁ আছে আশার। সম্প্রতি এ রেস্তোরাঁয় খেতে গিয়েছেন হলিউডের সুপারস্টার টম ক্রুজ। রেস্তোরাঁ আশা’জ থেকে বেরিয়ে আসার সময় টম ক্রুজের একটি ছবি আশা ভোঁসলে তার ইনস্টায় শেয়ার করেছেন।

আশা’জের সামনে টম ক্রুজকে দেখা গেছে নীল ডেনিম, নেভি ব্লু গোল গলা পুলওভারে, আর হাতে ছিল ডেনিম জ্যাকেট। হাস্যোজ্জ্বল মুখে তিনি রেস্তোরাঁর এক কর্মীর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।  

নিজের রেস্টুরেন্টের সামনে টম ক্রুজের ছবিটি পোস্ট করে আশা ভোঁসলে লিখেছেন, ‘আমি শুনে খুব খুশি হয়েছি যে মি. টম ক্রুজ আশা’জের (বার্মিংহাম) খাবার উপভোগ করেছেন। তিনি আবার আমাদের রেস্তোরাঁয় আসবেন, সেই আশায় থাকব।’

আশা’জ রেস্টুরেন্টের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে সেখানে টম ক্রুজের আগমনের বিস্তারিত জানা যায়। টম সেখানে চিকেন টিক্কা মাসালা অর্ডার করেন এবং বেশ মজা করে খেয়েছেন। রেস্তোরাঁর পেজে বলা হয়েছে, ‘টম আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মাসালা অর্ডার করেছিলেন। এটা তার এতটাই পছন্দ হয়েছিল যে তিনি একটা শেষ করেই আরেকটা অর্ডার করেন।’ কর্তৃপক্ষ আরো লিখেছে, তাদের একটি ডিশ দুবার অর্ডার করাকে তারা টমের প্রশংসা হিসেবেই বিবেচনা করছেন। টম ক্রুজ ছাড়াও আশা’জে অনেক সেলিব্রেটিই খেতে গিয়েছেন, যাদের মধ্যে আছে এড শিরান ও রোলিং স্টোনস।

মজার ব্যাপার হচ্ছে, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন যে আশার রেস্তোরাঁর সামনে যাকে দেখা যাচ্ছে, তিনি টম ক্রুজ নন, বরং তার মতো দেখতে অন্য কেউ। তবে এক্সপ্রেসে ইউকের একটি প্রতিবেদন এমন ধারণায় পানি ঢেলে দিয়েছে। তারা জানিয়েছে, ২১ আগস্ট টম ক্রুজ বার্মিংহামে আশা ভোঁসলের রেস্তোরাঁয় খেয়েছেন।

টম ক্রুজ এখন ব্যস্ত তার নতুন ছবি মিশন ইম্পসিবল সেভেনের শুটিংয়ে। সামনে মুক্তি পাবে তার ছবি টপ গান: মাভেরিক।

 

সূত্র: ডিএনএ