এপ্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। অসংখ্য নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। ওয়েব সিরিজেও কাজ করছেন। তবে এবারই প্রথম তিনি বিগ বাজেটের কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আসা সিরিজটির নাম গুলমোহর। এটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তবে এ ওয়েব সিরিজে সারিকা সাবাহ কোন চরিত্রে অভিনয় করেছেন, তা আপাতত বলেননি। যেহেতু গুলমোহর প্রচারের ঘোষণা আসেনি, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। সারিকা সাবাহ বলেন, ‘এর আগেও আমি বঙ্গর মুসবিতসহ আরো কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। তবে এবারই প্রথম বিগ বাজেটের ওয়েব সিরিজে অভিনয় করেছি। গুলমোহর মূলত পারিবারিক সমস্যার গল্পের ওয়েভ সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি ভীষণ আশাবাদী গুলমোহর নিয়ে। কারণ শাওকী ভাই ভীষণ যত্ন নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। আমিও আমার চরিত্রে সর্বোচ্চ শ্রম দেয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’ জানা যায়, শিগগিরই গুলমোহর ওয়েব সিরিজটি একটি ওটিটি প্লাটফর্মে প্রচারে আসবে। প্রচারে আসার আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান দেয়া হবে। এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না। তবে তিনি জানান, আবারো শিগগিরই নাটকের কাজ শুরু করবেন। সর্বশেষ সারিকাকে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’, ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে অভিনয়ে দেখা গেছে। নাটকগুলোয় তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। তবে আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। সারিকা সাবাহ জানান, এরই মধ্যে প্রচারে এসে তার করা বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো শঙ্খদাশ গুপ্ত নির্দেশিত ‘ভিম লিকুইডার’ ও অন্যটি হলো সাবরিনা আইরিন নির্দেশিত বিকাশের বিজ্ঞাপন। দুটি বিজ্ঞাপনেই তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। ক্যারিয়ারের শুরু থেকেই সারিকা সাবাহ বেশ বেছে বেছে কাজ করেছেন। এখনো ঠিক সেভাবেই কাজ করছেন।