তবে সেখানেই দেখা গেছে আরেকটি বিষয়। দেশের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও সম্ভাবনা তৈরি করছে সিনেমাগুলো। মেজবাউর রহমান সুমনের হাওয়া দিয়ে শুরু হওয়া এ ধারা ধরে রেখেছিল পরবর্তী সিনেমাগুলো। এবারের ঈদের বনলতা এক্সপ্রেস সে ধারাকে আরো এগিয়ে নিয়ে গেছে। সিনেমাটির সঙ্গে আছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ও। এ সিনেমাও মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে ‘প্রেসার কুকার’ নিয়ে লন্ডন যাচ্ছেন রায়হান রাফী। সিনেমাটি ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রিমিয়ার হবে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দম’। আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে। যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে সিনেমাটি। এ প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রধান রাজ হামিদ বলেন, ‘আমরা দম নিয়ে ক্যাম্পেইন করছি। এরই মধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে মুক্তির কথা ভেবেছিলাম। কিন্তু দম নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরো পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি।’

45

নিউইয়র্ক সিটির কুইনস, নর্থ হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেস, মনিরো ভ্যালি, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার চিনো হিলস, আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোয় চলবে দম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। রাজ হামিদ জানান, দমের প্রচারণা চালানোর পর তারা এ সিনেমার জন্যও দর্শকের ভালো সাড়া পেয়েছেন। তিনি বলেন, ‘মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে আমরা ভালো সাড়া পেয়েছি।’

এছাড়া ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে দম। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টজুড়েও চলবে সিনেমাটি। রাজ হামিদ বলেন, ‘১৭ এপ্রিল আরো বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরো দর্শক দেখতে পাবে দম।’

এদিকে ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোয়ও মুক্তি পেতে যাচ্ছে দম। বনলতা এক্সপ্রেসের যুক্তরাষ্ট্র সাফল্যের পর দমও সাফল্য পাবে বলে আশা করা যাচ্ছে।

একই সময়ে প্রেসার কুকার নিয়ে লন্ডন যাচ্ছেন রায়হান রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি রায়হান রাফীর অন্যান্য সিনেমার মতো মুক্তির পর পরই ব্লকবাস্টার হয়নি। কিন্তু প্রশংসা পেয়েছে দর্শকের। সিনেমাটি নিয়ে তিনি যাচ্ছেন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকের অন্যতম বড় এ চলচ্চিত্র উৎসবের নবম আসরে সিনেমার ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক দর্শকের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্যই প্রেসার কুকারকে নির্বাচন করা হয়েছে। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এর পরিচালক রায়হান রাফী।

অন্যান্য সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে, তখন প্রেসার কুকার যাচ্ছে চলচ্চিত্র উৎসবে। এ নিয়ে রায়হান রাফী বলেন, ‘আমাদের সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।’

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরই এখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়। তবে সিনেমাটি অন্যান্য দেশের থিয়েটারেই মুক্তি পেয়েছে। চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ বেশকিছু জায়গায় মুক্তি পাবে প্রেসার কুকার।