বহুল আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’। ২০১১ সালে এ সিরিজের প্রথম সিজন শুরু হয়। এরপর একে একে আটটি সিজন দিয়ে কেটেছে আটটি বছর। ২০১৯ সালে গেম অব থ্রোনস শেষ হতেই এর সিকুয়াল আসতে চলেছে কিনা এ নিয়ে নানা প্রশ্ন ছিল ভক্তদের মনে। তার কিছুদিন পরই জানা যায় সিকুয়াল নয় বরং প্রিকুয়াল আসতে চলেছে। ‘হাউজ অব দ্য ড্রাগন’ নামের নতুন এ প্রিকুয়াল সিরিজটি গেম অব থ্রোনসের টারগেরিয়ান রাজপরিবারের ২০০ বছর আগের ঘটনা নিয়ে। টারগেরিয়ান পরিবারের গৃহযুদ্ধ দেখানো হয়েছে এতে। জর্জ আরআর মার্টিনের ফায়ার অ্যান্ড ব্লাড উপন্যাসের ওপর ভিত্তি করে হাউজ অব টারগেরিয়ানদের গল্প।

রোববার যুক্তরাষ্ট্র সময় রাত ৯টায় এবারের সিরিজের প্রথম পর্ব দেখানো হয়েছে। এক কোটির বেশি দর্শক উপভোগ করেছে হাউজ অব দ্য ড্রাগন সিরিজটির প্রথম পর্ব। সিরিজটি দিয়ে ইতিহাস করেছে এইচবিও। এইচবিও এক প্রতিবেদনে জানিয়েছে, এইচবিও আর এইচবিও ম্যাক্সের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সিরিজের প্রিমিয়ারে পরিণত করেছে এটি। এর আগে আর কোনো সিরিজের প্রিমিয়ারে এত বেশি দর্শক উপভোগ করেনি। এমনকি রোববারের টুইটারের প্রধান বিষয়ে পরিণত হয়েছিল সিরিজটি। শুধু তাই নয়, গুগলে ২০ লাখের বেশি অনুসন্ধান করা হয়েছে হাউজ অব দ্য ড্রাগন নিয়ে।

এইচবিও আর এইচবিও ম্যাক্সের চিফ কনটেন্ট অফিসার কেসি ব্লয়েস বলেছেন, ‘এটা সত্যি চমত্কার ছিল গত রাতে লাখ লাখ গেম অব থ্রোনস-এর ভক্ত আমাদের সঙ্গে ওয়েস্টেরসে ফিরেছেন। হাউজ অব দ্য ড্রাগন-এর কলাকুশলীরা নিজেদের উজাড় করে এতে কাজ করেছেন। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা আনন্দিত।’ হাউজ অব দ্য ড্রাগনের প্রিমিয়ারের আগে গেম অব থ্রোনস ছিল গত সপ্তাহে এইচবিও ম্যাক্সে সর্বাধিক দেখা সিরিজ।

এখন পর্যন্ত রটেন টমেটোয় হাউজ অব দ্য ড্রাগন ৮৮ শতাংশ ইতিবাচক রেটিং পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিরিজটি নিয়ে ইতিবাচক মতামত আসছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিজটি নিয়ে সমালোচকদের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘হাউজ অব দ্য ড্রাগন’ কি ভালো হয়েছে? সমালোচকদের বেশির ভাগের উত্তর ছিল, ‘খুবই ভালো হয়েছে, এটি একটি মহাকাব্য।’

নতুন সিরিজটি দিয়ে এবার দর্শক টারগেরিয়ান পরিবারের গৃহযুদ্ধ দেখতে পারবে। টারগেরিয়ান রাজবংশের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও রক্তাক্ত সময় হিসেবে বিবেচনা করা হয় এ সময়কে। গেম অব থ্রোনসের মতো এবারো আয়রন থ্রোন নিয়ে পরিবারের সদস্যদের মধ্য লড়াই দেখা যাবে। রাজা ভিসারিস টারগেরিয়ানের মৃত্যুর পর আয়রন থ্রোনে কে বসবে এ নিয়েই এগিয়েছে প্রথম পর্বের গল্প। গেম অব থ্রোনসের অন্যতম আকর্ষণ ছিল ড্রাগন। টারগেরিয়ান পরিবারের সঙ্গে যে ড্রাগনের যোগসূত্র অনেক আগে থেকেই। এ সিরিজেও দেখা মিলেছে কয়েকটি ড্রাগনের। রাজা ভিসারিসের চরিত্রে পেডি কনসিডিন, প্রিন্সের রেনাইরা টারগেরিয়ানের চরিত্রে এমা ডারসি আর প্রিন্স ডেমন টারগেরিয়ানের চরিত্রের জন্য ম্যাট স্মিথ তারিফ কুড়াচ্ছেন দর্শকের।

হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনে ১০টি পর্ব রয়েছে। ২৮ আগস্ট দেখানো হবে এর দ্বিতীয় পর্ব। প্রতি সপ্তাহের রোববার এইচবিও আর এইচবিও মাক্সে দেখা যাবে সিরিজটি। ২৩ অক্টোবরে দশম পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজন।

 

সূত্র: রয়টার্স