আরো একটি সুখবর রেহানা মরিয়ম নূরের জন্য। আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত এ ছবির যুক্তরাষ্ট্রে পরিবেশনার স্বত্ব যৌথভাবে কিনেছে গ্রাসহপার্স ফিল্ম ও গ্র্যাটিচিউড ফিল্মস। ছবিটির পরিবেশক ফিল্মস বুটিকস থেকে এ স্বত্ব কিনেছে তারা। কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে প্রথম ছবি হিসেবে নির্বাচিত হয়ে রেহানা মরিয়ম নূর বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক বিরল অধ্যায়ের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০২২ সালের শুরুর দিকে ছবিটি ডিজিটাল, হোম ভিডিও ও নন-থিয়েটারিক্যাল পরিসরে মুক্তি পাবে। চুক্তিটি করেছেন গ্রাসহপার্স ফিল্মের রায়ান ক্রিভোশে ও ফিল্মস বুটিকের জুলিয়েন রাজাফিনড্রানালে।
কান উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর রেহানা পেয়েছে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন। সঙ্গে পেয়েছে সমালোচকদের প্রশংসা। মুম্বাই ও লস অ্যাঞ্জেলেসভিত্তিক গ্র্যাটিচিউড ফিল্মস প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল ফেস্টিভাল প্রোগ্রামার ও অ্যাকুইজিশন এক্সিকিউটিভ অনু রঙ্গচার। প্রতিষ্ঠানটি মূলত এশীয় ও ভারতীয় থিমে তৈরি উল্লেখযোগ্য ছবিগুলোকে কিনে নেয়। এ বছরের শুরুতে
গ্র্যাটিচিউড ফিল্মস ও ডিফ ক্রোকোডাইল ফিল্মস মিলে বার্লিন টাইটেল ‘দ্য শেফার্ডেস অ্যান্ড দ্য সেভেন সংস’
ও মুম্বাই ফিল্ম ফেস্টিভালের সিলেকশন ‘দ্য ভিলেজ হাউজ’
ছবির স্বত্ব কিনেছিল।
গ্রাসহপার্স ফিল্মের রায়ান ক্রিভোশে বলেছেন, ‘রেহানা একটি অসাধারণ অত্মবিশ্বাসী ফিচার ফিল্ম। ছবিটির নির্মাতা একজন দুর্দান্ত নতুন পরিচালক।’
অন্যদিকে অনু রঙ্গচার বলেছেন, ‘আবদুল্লাহ মোহাম্মদ সাদ বাংলাদেশী নিউ ওয়েভের অন্যতম সেরা প্রতিভা। আর রেহানা তার শ্বাসরুদ্ধকর ছবি।’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম ছবি লাইভ ফ্রম ঢাকা ২০১৬ সালে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিল। এছাড়া রটারডাম ও লোকার্নো উৎসবে প্রদর্শিত হয়েছিল।
বাংলাদেশের ইতিহাসে রেহানা মরিয়ম নূর প্রথম ছবি হিসেবে কান উৎসবে অফিশিয়াল সিলেকশনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
সূত্র: ভ্যারাইটি










