ফোক
ধাঁচের গানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও বাউল শফি মণ্ডল। এবার এ
দুই জনপ্রিয় শিল্পী গাইলেন সোহেল রানা বয়াতির নির্মাণাধীন সিনেমা ‘নয়া মানুষ’-এর টাইটেল গান। রণক ইকরামের কথায়
গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী, গানটির সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
সিনেমার
টাইটেল গান প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান ‘নয়া মানুষ’। দ্বৈত এ গানে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে’।
চন্দনা
মজুমদার বলেন, ‘আমার মনে হয়েছে নয়া মানুষ সিনেমার গল্প চমকে
ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া
যায় না।’ অন্যদিকে বাউল শফি মণ্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। গানটি সেই কম গানের
তালিকায় থাকবে নিশ্চিত।’
নয়া মানুষ
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। নয়া মানুষ সিনেমার কাজ শেষপর্যায়ে
জানিয়ে সোহেল রানা বয়াতি বলেন, ‘গত বছরের অক্টোবরে
চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার, কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব
শিগগির আমরা বাকি চিত্রধারণের কাজ শুরু করব। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ এগিয়ে
রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।’
আ মা ম হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে সিনেমাটির নির্মাণ কাজ চলছে। এর চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। সিনেমাটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।










