অল্পদিনের ক্যারিয়ারে অনেক ওঠানামার ইতিহাস দেখেছেন আলিয়া ভাট। এক দশক আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার মুক্তি পেয়েছিল। আর এখন বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রীদের একজন আলিয়া। সেই সঙ্গে তার ঝুলিতে রয়েছে সমালোচকদের ভালোবাসা পাওয়া সিনেমা, পেয়েছেন বাণিজ্যিক সাফল্যও। সম্প্রতি এ তারকা জানিয়েছেন, স্টুডেন্ট অব দ্য ইয়ারে অভিনয় করার জন্য ১৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি আর সে সময় পুরো টাকাটা মা সোনি রাজদানের হাতে তুলে দিয়েছিলেন।
স্টুডেন্ট অব দ্য ইয়ারে যখন আলিয়া নাম লেখান তখন তার বয়স মাত্র ১৯। মিড-ডেকে দেয়া এক সাক্ষাত্কারে গাঙ্গুবাই অভিনেত্রী জানান, তখনই আমি গিয়ে চেকটা মাকে দিয়ে দিই আর বলি, তুমি এটা সামলাও। এখনো আমার সব টাকা মা-ই সামলান।
আলিয়া ভাটের সঙ্গে ওই সিনেমায় বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছিলেন। সিনেমাটির ব্যাপক সাফল্যের পরে সেটার সিকুয়ালও নিয়ে আসেন করণ জোহর। কিন্তু শুরুতে সিনেমাটি নিয়ে খুব সন্দেহে ছিলেন তিনি। এমনকি কফি উইথ করণের একটি শোতে তিনি বলেন, মনে হয় আমি মাতাল ছিলাম অথবা এমন কিছু। যে স্ক্রিপ্ট আমরা লিখেছিলাম তার থেকে ভিন্ন কিছু আমরা শুট করেছিলাম।
সেদিনের সেই ১৫ লাখ পারিশ্রমিক দিয়ে সিনেমা ক্যারিয়ার শুরু করা আলিয়া এখন বলিউডের ধনী অভিনেত্রীদের একজন। সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি শক্তিশালী হয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার অভিনীতি ও প্রযোজিত সিনেমা ডার্লিংসও প্রশংসা কুড়িয়েছে। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ব্রহ্মাস্ত্র এবং হলিউডের সিনেমা হার্ট অব স্টোন।










