একুশ ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় দিন। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। দিনব্যাপী সম্প্রচারিত অনুষ্ঠানমালায় রয়েছে আলেখ্যানুষ্ঠান ‘অহংকারের একুশ’, বিশেষ সংগীতানুষ্ঠান ‘বর্ণমালা’, শিশুতোষ অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠান ‘কথা সাহিত্যে অমর একুশ’ ও একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’। এছাড়া একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সকাল ৬টায় সরাসরি সম্প্রচার হবে প্রভাতফেরির অনুষ্ঠান। এ নিয়ে জাতীয় গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। এর ধারাবাহিকতায় বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। এ দিবসে আমাদের অনুষ্ঠানমালায় রয়েছে বিশেষ আয়োজন।’
রাত ৯টায় বিটিভি প্রচার করবে একুশের বিশেষ নাটক ‘ভুল সিদ্ধান্ত’। হাসান রেজাউলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশির, সুবাইদা, আশরাফুল আলমসহ আরো অনেকে। নাটকের কাহিনী গড়ে উঠেছে সন্তানকে স্কুলে ভর্তি করানোকে কেন্দ্র করে। মায়ের ইচ্ছা মেয়ে পড়বে ইংরেজি মাধ্যমে আর বাবার ইচ্ছা বাংলা মাধ্যম স্কুলে। এ নিয়ে বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়ায় ছোট্ট প্রীতির মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়। অবশেষে মায়ের ইচ্ছানুযায়ী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয় প্রীতিকে। কিন্তু ইংরেজি ভীতির কারণে পরীক্ষায় সে খারাপ রেজাল্ট করে। এ নিয়েই এগিয়েছে নাটকটির গল্প।










