ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ করলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তবে অভিষেক ছিল ফিনল্যান্ডবাসীর জন্য ভীষণ চমকের। স্থানীয় লেকসাইড আর্ট মিউজিয়ামে এক শিল্প প্রদর্শনীতে নিজের তৈরি ভাস্কর্য উন্মোচন করেন ‘দ্য ফাইট ক্লাব’ তারকা। খবর দ্য গার্ডিয়ান।
ফিনল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর ট্যাম্পেরে অবস্থিত সারা হিল্ডেন আর্ট মিউজিয়াম জানিয়েছে, শিল্প-প্রদর্শনীর উদ্বোধনে এই মার্কিন তারকার আকস্মিক উপস্থিতি নর্ডিক দেশটির জনসাধারণকে বিস্মিত করেছে।
প্রদর্শনীর সঙ্গে পিটের সম্পর্কের বিষয়টি উদ্বোধনী দিনের আগে শহরের বাসিন্দারা জানতেন না।
গত শনিবার ব্রিটিশ শিল্পী টমাস হাউসগোর বৃহত্তর শিল্প-প্রদর্শনীর অংশ হিসেবে অস্ট্রেলিয়ান সঙ্গীতশিল্পী নিক কেভের সিরামিক শিল্পের পাশাপাশি ৫৮ বছর বয়সী পিট নিজেই ভাস্কর্যগুলোর মোড়ক উন্মোচন করেন।
এ সময় ফিনিশ বার্তাসংস্থা ইলেকে পিট জানান, এই নতুন জগতে এটিই নিক ও আমার প্রথম যাত্রা।
প্রদর্শনীতে ব্র্যাড পিটের নয়টি শিল্পকর্ম স্থান পায়। এর একটিতে ঢালাই করা প্লাস্টার প্যানেলে বন্দুকযুদ্ধ তুলে ধরেন। এ ছাড়া রয়েছে ঘরের আকৃতির সিলিকন ভাস্কর্য।
ভাস্কর হিসেবে পিটের আবির্ভাব অতিসাম্প্রতিক। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৭ সালে এ শিল্পে মনোযোগ দেন তিনি। ওই সময় লস অ্যাঞ্জেলেসের স্টুডিওতে দিনে ১৫ ঘণ্টাও সময় দিতেন৷










