প্রতি বছরেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানা আয়োজন করে থাকে টেলিভিশন চ্যানেলগুলো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আজ বিজয় দশমী। আজকেও টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন।

প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে দুর্গা পূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। নাচ, গান, সেলিব্রেটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা। এবারের ‘শারদ আনন্দ’র সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। প্রথমবারের মতো এটি একসঙ্গে উপস্থাপনা করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। অনুষ্ঠানটির প্রযোজক আরো জানান, পূজা উপলক্ষে একটি নতুন গান তৈরি করা হয়েছে। এছাড়া দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ। আরতী নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শীবের গাজন। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল। শারদ আনন্দ প্রচারিত হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে।

দীপ্ত টিভিতে দুর্গা পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘গৌরী এলো’ প্রচারিত হবে আজ বিকাল ৪টায়। দুর্গা পূজার ইতিহাস সম্পর্কে জানা যাবে অনুষ্ঠানটিতে। রুহানী সালসাবিল লাবণ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে পূজা সেনগুপ্ত, পুলক অধিকারী ও শানারেই দেবী শানু তিনজন শিল্পী মূলত পূজা কেন্দ্রিক আড্ডা দেবে। কে কীভাবে পূজা উদযাপন করল সেই গল্প হবে, তার ফাঁকে ফাঁকে গান হবে। মাঝে পূজার চলতি ট্রেন্ড (পূজামণ্ডপ পরিদর্শন, খাবার, ফ্যাশন, মেকআপ) নিয়ে একটি প্যাকেজ দেখানো হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার।

দুর্গা পূজা উপলক্ষে আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘আনন্দধাম’। মাসুম শাহরীয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আরশ খান, চমক, আবুল হায়াত, মিলি বাশার প্রমুখ। মহিধর বাবুর বয়স সত্তর। পূর্বপূরুষের জমিদারির ভাবটা এখনো ধরে রাখতে চান।  তার নানান কর্মকান্ড নিয়েই এগিয়ে গিয়েছে এই নাটকের গল্প।