২০ জুলাই ৭১ বছরে পা দিয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহ। বরাবরের মতো জন্মদিনের আয়োজন ছিল সাদামাটা। এর মধ্যে এক সাক্ষাত্কারে কথা বলেছেন নিজের জীবন, চলচ্চিত্র দুনিয়া নিয়ে। মৃত্যু নিয়েও ভাবছেন এ অভিনেতা। তার কথায়, ‘মৃত্যুর আগে যত বেশি সম্ভব কাজ করে যেতে চাই। মৃত্যুভাবনা আমাকে ভয় দেখাতে পারে না কিন্তু অচল হয়ে যাওয়াটার শঙ্কা আমাকে ভীত করে।’
জন্মদিন নিয়ে কী ভাবেন—এমন প্রশ্ন ছিল তার কাছে। জবাবে এ অভিনেতা বলেছেন, ‘এখন প্রত্যেকটা জন্মদিন মানে ঘণ্টা বেজে ওঠা! এবার জন্মদিনে আমি শুটিং করছিলাম। সন্ধ্যায় সন্তান ও কয়েকজন কাছের বন্ধু মিলে আমার জন্মদিন উদযাপনে একত্র হয়। আমি তাদের পাশে বসে গম্ভীর মুখে সব দেখলাম অনিচ্ছা সত্ত্বেও।’
নাসিরউদ্দিন শাহ মনে করেন সিনেমার চেয়ে থিয়েটার বেশি প্রাণবন্ত। তিনি থিয়েটারকে তুলনা করেছেন গাছের সঙ্গে, ‘থিয়েটার জীবন্ত বিষয়, যা নিজস্ব গতিতে বিবর্তন হতে থাকে। কিন্তু চলচ্চিত্রে সেটা হয় না, সিনেমা একবার শেষ মানে শেষ। থিয়েটারে দুনিয়ার সেরা সেরা লেখার সঙ্গে সংযুক্তি ঘটানো যায়। কিন্তু সিনেমায় থাকে ভাড়াটে আর নকলবাজ কাহিনীকার। ভবিষ্যতের থিয়েটারের কাজ নিয়ে আমার মাথায় বেশকিছু বিষয় ঘুরছে। কিন্তু সেসব নির্ভর করছে কভিডজি মহারাজের ওপর।’
গত মাসেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ৭ জুলাই।
সূত্র: ডিএনএ










